মন্ত্রীদের কোন্দলের কারণে ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী গ্রেপ্তার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মন্ত্রীদের কোন্দলের কারণে এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী গ্রেপ্তার হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। গতকাল রোববার দুপুরে ছাত্রাবাস পরিদর্শনে এসে হান্নান শাহ এ কথা বলেন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে প্রথমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করতে হয়। যে দেশের ছাত্ররা তাদের ছাত্রাবাস পুড়িয়ে ফেলে, সেই দেশে শিক্ষাব্যবস্থার উন্নয়ন কীভাবে হবে? একটি বাস পোড়ানোর মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের জেলহাজতে পাঠানো হয়, অথচ দলীয় নেতা-কর্মী হওয়ায় ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোয় জড়িতদের বিচার হচ্ছে না। ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে গত ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দিয়ে ৪২টি কক্ষ পুড়িয়ে দেওয়া হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করেছে—এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের দুটি কমিটি ঘটনার তদন্ত করছে। হান্নান শাহ বলেন, ‘শিক্ষামন্ত্রী নিজেকে সফল শিক্ষামন্ত্রী দাবি করেন। সে জন্য তিনি দলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছেন না। মন্ত্রীদের কোন্দলের কারণে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।’ ছাত্রাবাস পরিদর্শনকালে হান্নান শাহের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমশের মবিন চৌধুরী, দলের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য আরিফুল হক চৌধুরীসহ জেলা ও নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। শমশের মবিন বলেন, এই সরকার যেসব মানবতাবিরোধী কাজ করছে, তার বিচার একদিন হবে। দেশে বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যারা অরাজকতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়, তাদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘শুধু কাঁদলে হবে না। নিজ দলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। তা না হলে সিলেটবাসী তাদের বিচার করবে।’বিচার বিভাগীয় তদন্তের দাবি: প্রায় এক মাসেও তদন্ত শেষ না হওয়ায় এবং দোষীদের আড়াল করার চেষ্টার প্রতিবাদে গতকাল সংবাদ সমেঞ্চলন করেছে ছাত্রাবাস পোড়ানোর পর গঠিত ‘শিক্ষাঙ্গন রক্ষা পরিষদ সিলেট’। নগরের একটি রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে সংবাদ সমেঞ্চলন করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ‘পত্রপত্রিকা, ফেইস বুকে সন্ত্রাসী-দুর্বৃত্তদের ছবিসহ নাম প্রকাশ হলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রশাসন দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনগুলো কোনো অজ্ঞাত কারণে প্রকাশিত হচ্ছে না।’ সংবাদ সমেঞ্চলনে পরিষদের নেতারা অবিলম্বে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে মূল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং পুরোনো স্থাপত্যশৈলী ঠিক রেখে ছাত্রাবাস পুনর্নির্মাণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান। সংবাদ সমেঞ্চলনে পরিষদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাঙ্গন রক্ষা পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর।