মন্ত্রীদের জন্য অ্যাপার্টমেন্ট হচ্ছে
মন্ত্রীদের জন্য বেইলি রোডে নতুন একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হচ্ছে। ছয়তলা এই ভবনে ১০ জন মন্ত্রী বাস করতে পারবেন। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ২ হাজার ২৪৮ বর্গফুট। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা।
গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নামের এ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
গণপূর্তমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখের মধ্যে মাত্র আট ভাগ কর্মকর্তা-কর্মচারী আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে। ইতিমধ্যে আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য ২০ তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও বহুতল ভবনের নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।