মন্ত্রীদের বক্তব্যের সমালোচনায় সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, এটি সরকার, মন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। তদন্ত সংস্থা যখন যাকে দরকার মনে করবে, তাকে তখন গ্রেপ্তার করবে।গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের অনেক মন্ত্রীকেও বলতে শুনি, অমুককে অমুক সময় গ্রেপ্তার করা হবে। এটি সরকারের বিষয় নয়। শিল্পমন্ত্রীও যুদ্ধাপরাধ নিয়া কথা কইছেন। এইডা আপনের বিষয় নাকি? আপনে শিল্প লইয়া কথা কন। আপনার যুদ্ধাপরাধ কিসে লাগব? তদন্ত সংস্থা যাকে মনে করবে, তাকে গ্রেপ্তার করবে। এটি কোনো রাজনৈতিক দল, সরকার বা মন্ত্রীদের বিষয়ই নয়।’ জনতার প্রত্যাশা আয়োজিত ‘মহাজোট সরকারের অগ্রযাত্রা বিরোধী দলের ষড়যন্ত্র’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এম এ করিম।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতন্ত্রকে সচল করার চাবি বিএনপির কাছে। বিএনপির জন্য সংসদের দুয়ার খোলা। কিন্তু সংসদে না এসে তারা গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাঁর মতে, জাতির বিরুদ্ধে গিয়ে বিএনপি এখন মহাসংকটেও পড়েছে। এ থেকে বের হতে হলে বিএনপিকে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধি থেকে ক্ষমা চেয়ে আবার প্রতিযোগিতার রাজনীতি শুরু করতে হবে।