মন্ত্রীদের মুখে এখন হাসি নেই: অলি আহমদ
আওয়ামী লীগ জনগণের প্রতিনিধি নয়, আত্মীয়স্বজন দিয়ে দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার স্থায়ী হতে পারবে না, এই আশঙ্কায় মন্ত্রীদের চেহারায় হতাশা দেখা যায়। মন্ত্রীদের মুখে এখন হাসি নেই। সর্বত্রই হতাশার ছাপ ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় কাউন্সিলে অলি আহমদ এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, বর্তমান সরকার কোনোভাবেই অপহরণ, গুম ও খুনের দায় এড়াতে পারে না। কারণ, মন্ত্রীর জামাই, মন্ত্রীর ছেলে এ ধরনের অপহরণ ও দুর্নীতির সঙ্গে জড়িত।
সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী নয় দাবি করে অলি বলেন, ‘উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতি করেছে। প্রশাসন এতে সহায়তা করেছে।’ তিনি বলেন, বর্তমান সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছে। দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপক কারিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য প্রকৌশলী কামাল উদ্দিন মোস্তফা, মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম প্রমুখ।
কাউন্সিলে অধ্যাপক কারিমা খাতুনকে সভাপতি এবং লাকি হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।