মন্ত্রীদের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছে: সতীশ চন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, অনেকে রাগ করতে পারেন। কিন্তু আমার মনে হয়, মন্ত্রীদের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছে। এখনো সময় আছে, জনগণের কাছে যান। নইলে সিটি নির্বাচনের মতো আগামী নির্বাচনেও ভরাডুবি হবে।

আজ শনিবার সকালে রাজধানীর গণগ্রন্থাগার সভাকক্ষে বাংলাদেশ নাগরিক সেবাসংঘ আয়োজিত এক আলোচনা সভায় সতীশ চন্দ্র রায় এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র বলেন, আওয়ামী লীগের অনেক সফলতা আছে। কিন্তু সেগুলো ঠিকমতো প্রচার করা হয় না। তবে অনেক ব্যর্থতাও আছে। সবকিছু ভুলে গিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জামায়াতের উদ্দেশে আলোচনা সভায় উপস্থিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দয়া করে হরতাল প্রত্যাহার করুন। আপনাদের এই হরতাল সফল হবে না। জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, ‘আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করার পর তারা সংক্ষুব্ধ হয়ে আপিল করেছে। আমি মনে করি, এর মাধ্যমে তারা আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে। কিন্তু আদালতের বিরুদ্ধে হরতাল ডেকে তারা আদালত অবমাননা করেছে। তাদের এ আচরণ পরস্পরবিরোধী।’

জামায়াতের নেতাদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, অযথা হরতাল ডেকে মাঠ উত্তপ্ত করে মানুষকে ভীতির মধ্যে রাখতে চান আপনারা। এ পথ পরিহার করুন। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনরায়ও তাদের বিরুদ্ধে যায়।

হরতাল প্রতিরোধে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, এই ঈদের সময় যারা হরতাল ডেকে মানুষের ভোগান্তি বাড়ায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।