মন্ত্রীদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধির বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার চট্টগ্রামের আনোয়ারায় একটি সড়কের কাজ দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে আরও বলা হয়েছে, ইতিপূর্বে অনুষ্ঠিত নয়টি সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। এবারও করবে না। সরকার কোনো দুর্নামের বোঝা ঘাড়ে নেবে না।
সেতুমন্ত্রী বলেন, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
গতকাল দুপুরে আড়াই কিলোমিটার দীর্ঘ আরবান আলী সড়কের সংস্কারকাজ দেখতে যান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এ সড়কের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রাশেদুল হকসহ সওজের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।