মন্ত্রীর আশ্বাসেও গতি হয়নি 'ক্যানসার আক্রান্ত' সড়কের
সিলেট থেকে কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জ প্রায় ৩৪ কিলোমিটার দূরত্বের এ সড়কের বেশির ভাগই ভাঙাচোরা। এক ঘণ্টার পথ তিন ঘণ্টায়ও শেষ হয় না। এর মধ্যে রোদ হলে ধুলা-ঝড় আর বৃষ্টি হলে কাদা-জলে নাকাল হতে হয় মানুষকে। গত ১৪ মে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ওই সড়ক পরিদর্শন করে গোটা সড়ককে ‘ক্যানসার আক্রান্ত’ বলে মন্তব্য করেছিলেন।
যোগাযোগমন্ত্রী সড়কটির ‘চিকিৎসার জন্য’ জাতীয় মহাসড়ক প্রকল্পে ৬০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়ে বলেন, ‘সড়কটি ক্যানসারে আক্রান্ত হয়েছে। তাই উচ্চমানের চিকিৎসা প্রয়োজন। একনেকের বৈঠকে অনুমোদন পেলেই ক্যানসারে আক্রান্ত সড়কের চিকিৎসা শুরু হবে।’ মন্ত্রীর এ আশ্বাসের তিন মাস পার হলেও প্রকল্পটি এখন পর্যন্ত অনুমোদন হয়নি। এমনকি সওজও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।
এলাকাবাসী জানান, দেশের বৃহত্তম পাথর কোয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত। প্রতিদিন কোয়ারিতে কয়েক হাজার ট্রাক পাথর পরিবহনের কাজে চলাচল করে। এর বাইরে উপজেলায় যাতায়াতের একমাত্র এ সড়ক দিয়ে যাত্রী পরিবহনে আরও কয়েক শ যান যাওয়া-আসা করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির বৌরীনগর, বর্ণি, কোম্পানীগঞ্জ থানা সদর, তৈমুরনগর, পারুয়া, ভোলাগঞ্জ, কাটাগাঙ, তেলিখাল, কাটাখালসহ অন্তত ১২ কিলোমিটার এলাকায় ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সড়কের পিচ আর পাথরের খোয়া উঠে বিশাল গর্ত হয়ে মাটি দেবে যাচ্ছে।
ভোলাগঞ্জের পাথর ব্যবসায়ীরা জানান, সড়কটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পরও সওজ কর্তৃপক্ষ এটি মেরামতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত বছরের ১৭ নভেম্বর সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে এ নিয়ে পাথর ব্যবসায়ীদের একটি জরুরি সভা হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমবায় সমিতি এবং কোম্পানীগঞ্জ স্টোনক্রাশার মিল মালিক সমিতির যৌথ উদ্যোগে পাথর ব্যবসায়ী ও ট্রাকচালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলে সড়কটি সংস্কার করা হয়। সিদ্ধান্ত গ্রহণের পর থেকে চলতি মাস পর্যন্ত অন্তত ৩০ লাখ টাকা সড়কটির সংস্কারের জন্য ব্যবসায়ীরা ব্যয় করেছেন।
কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল হোসেন মিয়া বলেন, ‘স্থানীয়ভাবে চাঁদা তুলে ব্যবসায়ীরা কোনোভাবে সড়কটিকে বাঁচিয়ে রেখেছে। তবে সড়কটির অবস্থা খুবই করুণ। এটিকে মুমূর্ষু অবস্থা বলা যায়। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে ট্রাক ও বাস চলাচল করছে। সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী হরতাল, অবরোধ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। অথচ সওজ কর্তৃপক্ষ এটি পুনঃ মেরামতে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।’
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় স্থানীয়ভাবে আমরা সড়কটির পুনঃ সংস্কার করতে পারছি না। মাস তিনেক আগে যোগাযোগমন্ত্রী সরেজমিনে এসে সমস্যা চিহ্নিত করে গেছেন। তাঁর উদ্যোগে এটিকে আঞ্চলিক মহাসড়কে পরিণত করার প্রক্রিয়া চলছে। এ প্রকল্পের কাজ শুরু হলে চিরস্থায়ী সমাধান আসবে।’
আজ মানববন্ধন: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ শনিবার বেলা দুইটায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হবে। মানববন্ধন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।