মন্ত্রীর আসতে বিলম্ব, সড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে পানিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন ঘণ্টা সড়কে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল বলেন, ‘আসলে স্কুলের সুনাম বৃদ্ধির জন্য আমরা উদ্যোগটি নিয়েছিলাম। এই ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আগ্রহও ছিল।’ তিনি আরও বলেন, এভাবে দীর্ঘ সময় শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখাটা ঠিক হয়নি।

কয়েকজন অভিভাবক ও এলাকাবাসী বলেন, বাজিতপুর-নিকলীর হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও মানুষের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল উপজেলার হিলচিয়া ইউনিয়নে যান। এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হিলচিয়া বাজারে জনসভার আয়োজন করা হয়। মন্ত্রীদের শুভেচ্ছা জানাতে হিলচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীকে জনসভাস্থলের কাছের সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। জনসভা শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু মন্ত্রীরা আসেন বেলা দেড়টায়। এই দীর্ঘ সময় শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে ছিল। কারণ, কোনো শিক্ষার্থী চলে গেলে তাকে শাস্তি পেতে হবে বলে বারবার ঘোষণা দেওয়া হয়।

অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের বারণ আছে। এরপরও স্কুল কর্তৃপক্ষ স্থানীয় আওয়ামী লীগের নেতাদের খুশি করতে ওই উদ্যোগ নেয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বার্ষিক পরীক্ষার পর স্কুল এখন বন্ধ। এরপরও শিক্ষকদের নির্দেশে শিক্ষার্থীদের সমাবেশস্থলে যেতে হয়। মন্ত্রীদের আসতে বিলম্ব হবে জানার পরও তাদের ছাড়া হয়নি।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি যুবলীগের কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, আইনগতভাবে এভাবে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার সুযোগ নেই। কুয়াশার কারণে মন্ত্রীদের হেলিকপ্টার সমাবেশস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় সমস্যাটা প্রকট হয় বলে উল্লেখ করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল বলেন, ‘আমি ছুটিতে আছি। কিছুই জানি না।’ শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।