মন্ত্রীর ঈদ-সাহায্য নিতে এসে ১০ জন পদদলিত
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের বিতরণ করা ঈদ-সাহায্য নিতে এসে পদদলিত হয়ে আহত হয়েছেন ১০ সাহায্যপ্রার্থী। গত শনিবার দুপুরে মন্ত্রীর ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন তাঁর কলেজপাড়ার বাসায় দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদের সাহায্য বিতরণ করবেন—এমন খবর পেয়ে বাড়ির সামনে জড়ো হন হাজারখানেক নারী-পুরুষ। বেলা দুইটার দিকে সাহায্য বিতরণের জন্য বাড়ির ফটক খুলে দেওয়া হয়। জনপ্রতি ১০০ টাকা করে বিতরণ শুরু করেন মন্ত্রী। সে সময় সাহায্য নিতে আসা লোকজন নিজেদের মধ্যে হুড়োহুড়ি শুরু করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গিয়ে পদদলিত হয়ে ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁরা হলেন: রাবেয়া (৫৫), খিন্তিনা দাস (৩৫), মেহেরুন (২৬), জ্যোত্স্না (৫৫), ফিরোজা (৪০)। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী বলেন, কয়েকজন সাহায্যপ্রার্থী মানুষের হুড়োহুড়িতে পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।