মন্ত্রীর উদ্বোধনের পর বাস গেল আর ফিরল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজশাহী-বাঘা সড়কে বিআরটিসির দোতলা বাস চলবেই। এর প্রায় ১১ মাস পরে গত শনিবার দুপুরে বাঘায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তিনি বিআরটিসি বাসের উদ্বোধন করেন। বিকেলে বাসটি যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। পরে আর ফিরে আসেনি।
বিআরটিসি বাসের উদ্বোধনের খবর পেয়ে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট ডাকে। গতকাল রোববার সকালে নিয়ম অনুযায়ী বাসটি ফের রাজশাহী থেকে যাত্রী নিয়ে বাঘায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাসটি ফিরে যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বাঘা-রাজশাহী সড়কে ওই বিআরটিসি গাড়ি আর চলবে না। বাসটি বগুড়া ডিপোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই শর্তেই বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে তিনি বাঘা-রাজশাহী সড়কে বিআরটিসি বাসের ব্যবস্থা করবেন। প্রয়োজনে একতলা দুটি বাস দেবেন।