মন্ত্রীর উপস্থিতিতে ভোট চাইলেন দুই মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের উপস্থিতিতে ভোট ও দোয়া চাইলেন চট্টগ্রামের দুটি পৌরসভার আওয়ামী লীগের দুই মেয়র পদপ্রার্থী। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বাঁশখালী ও চন্দনাইশ পৌরসভার মেয়র পদপ্রার্থীরা উপস্থিত নেতা-কর্মীদের কাছে ভোট চান।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম হলে এ সভা হয়। এতে বাঁশখালীর আওয়ামী লীগ-দলীয় মেয়র পদপ্রার্থী সেলিমুল হক চৌধুরী ও চন্দনাইশের মেয়র পদপ্রার্থী মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হলেও বেশির ভাগ বক্তা পৌর নির্বাচনে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দেন সেলিমুল হক চৌধুরী। মন্ত্রী নুরুল ইসলাম বলেন, তাঁরা নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। ভোট চাওয়ার কোনো দরকার নেই। যেভাবে উন্নয়ন হচ্ছে, যে হারে রিজার্ভ ফান্ড বাড়ছে তাতে মানুষই ভোট দিয়ে বাক্স পূর্ণ করে ফেলবে।

দলের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে এক থাকতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ থাকতে পারে। কিন্তু নৌকার সঙ্গে কোনো বিবাদ নেই। দলের শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে গেলে কোনো অবস্থায় কেউ নৌকাকে পরাজিত করতে পারবে না।

মন্ত্রীর উপস্থিতিতে প্রার্থীরা ভোট চাইতে পারেন কি না, জানতে চাইলে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, নির্বাচনী এলাকায় মন্ত্রীর উপস্থিতিতে ভোট চাইতে পারবেন না।

এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সনজীদা শরমিন প্রথম আলোকে বলেন, ‘এটি তো নির্বাচনী এলাকার মধ্যে হয়নি। তারপরও বিষয়টি দেখব।’

সভায় চন্দনাইশের মেয়র পদপ্রার্থী মাহবুবুল আলম বলেন, ‘৩০ ডিসেম্বর আরেক যুদ্ধ হবে। এই যুদ্ধে জয়লাভ করতে পারলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। নৌকা প্রতীকে আপনাদের কাছে ভোট চাই। আপনারা এলাকায় গিয়ে নৌকা মার্কায় ভোট চাইবেন।’

বাঁশখালীর মেয়র পদপ্রার্থী সেলিমুল হক চৌধুরী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। কিছু বলার জন্য আসিনি। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে নৌকা প্রতীকে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে পারি।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, দক্ষিণ চট্টগ্রামের চারটি পৌরসভায় একক প্রার্থী দেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর চারটি পৌরসভায় যেন আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করতে পারেন, তার জন্য নেতা-কর্মীদের পরিশ্রম করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, সংগঠনের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।