টাকাসহ রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ও রেল কর্মকর্তার ধরা পড়ার ঘটনায় করা তদন্ত কমিটি ও তদন্তের আওতা কিছুটা বাড়ানো হয়েছে। বক্তব্য দিতে দুজনকেই গতকাল নোটিশ পাঠানো হয়েছে।রেলওয়ে সূত্র জানায়, ইতিপূর্বে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল রেলের যুগ্ম সচিব শশী কুমার সিংহকে। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটিতে রেলের মহাপরিচালক আবু তাহেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট এনামুল হকের ব্যাপারেও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল শশী কুমার সিংহ সাংবাদিকদের বলেন, ইউসুফ আলী মৃধাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এনামুল হককেও চিঠি দেওয়া হবে।যে গাড়িতে টাকা ছিল, সেই গাড়ির চালকের বক্তব্য নেওয়া হবে কি না, এই প্রশ্নের জবাবে শশী কুমার বলেন, ‘তদন্তের প্রয়োজন হলে গাড়িচালককেও ডাকা হবে। প্রয়োজন মনে করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নেওয়া হবে।’এ ছাড়া রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুকের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব পেয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) আখতার উজ জামান। তিনি গতকাল এপিএস ওমর ফারুককে নোটিশ দিয়েছেন। নোটিশে ১৫ এপ্রিল বেলা ১১টায় রেল ভবনে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির প্রধান আখতার উজ জামান বলেন, প্রয়োজন হলে তিনিও গাড়ির চালককে ডাকতে পারেন।