মন্ত্রীর এপিএসের আত্মসমর্পণ দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সহকারী একান্ত সচিব (এপিএস) মাসুদুর রহমান ওরফে মুরাদ আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার সকালে নরসিংদী মুখ্য বিচারিক হাকিমের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাঁকে দুই দিনের রিমান্ডে নিয়েছে।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মাসুদুর রহমান তাঁর আইনজীবীদের সঙ্গে নিয়ে মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির হন। মামলার তদন্ত কর্মকর্তা ও নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ আদালতে মাসুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। তবে মাসুদুর রহমানের আইনজীবীরা তাঁকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। আদালতকে তাঁরা বলেন, লোকমান হত্যাকাণ্ডের সময় মাসুদুর রহমান মন্ত্রী রাজিউদ্দিনের সঙ্গে সরকারি সফরে সুইজারল্যান্ডে ছিলেন, কাজেই তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে বিদেশে বসে একটি এসএমএসের মাধ্যমে অনেক নির্দেশনা দেওয়া যায়। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালতের হাকিম নিতাই চন্দ্র সাহা মাসুদুরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদসহ ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন লোকমানের ছোট ভাই কামরুজ্জামান।