মন্ত্রীর কথা না রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বাসের টিকিটের দাম কম রাখতে মালিকদের অনুরোধ করেছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গত রোববার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ করেন। কিন্তু ঘরমুখো যাত্রীরা অভিযোগ করেছেন, প্রতিবারের মতো এবারও বাসের টিকিটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, সরকার-নির্ধারিত মূল্যেই টিকিট বিক্রি করা হচ্ছে।

দেশের ৩৩টি জেলায় যেতে গাবতলী বাস টার্মিনালের প্রবেশদ্বারগুলোতে বড় বড় ব্যানার ঝুলছে। লেখা রয়েছে ‘ঈদ মোবারক’। কিন্তু ঈদের ছুটির সেই ধুমধাড়াক্কা ঘরমুখোভাব এখনো পুরোপুরি লাগেনি।

আজ মঙ্গলবার বৃষ্টিভেজা সকালে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। এ সময় কাউন্টারগুলোর সামনে দাঁড়ানো টিকিট বিক্রেতাদের হাঁকডাকও বেড়ে যায়।

দক্ষিণবঙ্গগামী ঈগল পরিবহনের টিকিট বিক্রেতা জিয়াউর রহমান আক্ষেপ করে বলেন, ‘ঈদ যে আইতাছে, মনেই হইতাছে না। চিল্লাইয়া টিকিট বেচন লাগতাছে।’ জিয়ার পাশে বসা ঈগল পরিবহনের টিকিট মাস্টার মিজানুর রহমান অবশ্য আশা নিয়ে বলেন, ‘কাল বুধবার বিকেল থেকে যাত্রী বাড়বে।’

টিকিটের মূল্য বেশি রাখার কারণে যাত্রী কমেছে কি না—এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, টিকিটে বিআরটিএর নির্ধারিত মূল্যই নেওয়া হচ্ছে। তাঁর দাবি, সারা বছর নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে টিকিট বিক্রি করা হয়। কিন্তু ঈদের সময় লোকসান দেওয়া যায় না।

বগুড়ার যাত্রী হাসান শামীমের ভাষ্য, আজ সকালে তিনি একটি বাসের টিকিট ৫৫০ টাকায় কিনেছেন। বাস ছাড়বে বেলা ১১টায়। শামীমের দাবি, ‘অন্যান্য সময় এই রুটে টিকিট বিক্রি হয় ৩৮০ টাকায়।এখন কিনছি ১৭০ টাকা বেশি দিয়ে।’

কেবল উত্তরবঙ্গের যাত্রীদেরই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলোর ঘরমুখো যাত্রীদেরও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা, খুলনা, যশোর, বরিশাল, কুষ্টিয়া, ফরিদপুরসহ সব জেলায় যেতে ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিয়ে একেকটি টিকিট কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

গাবতলীতে বাস মালিক সমিতির প্রধান তত্ত্বাবধায়ক নূরুল ইসলাম বিআরটিএর টিকিটের তালিকা দেখিয়ে বলেন, ‘সারা বছরই লোকসান দিয়ে নির্ধারিত দামের চেয়ে কম দামে টিকিট বিক্রি হয়। তাই ঈদের সময় নির্ধারিত ভাড়াকেই বাড়তি মনে হচ্ছে।’

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে মিরপুর অঞ্চলে পুলিশের অতিরিক্ত উপকমিশনার জসিমউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, টিকিটের মূল্য বেশি রাখার কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি। টার্মিনালের সার্বিক নিরাপত্তার দিকেই তাঁরা জোর দিচ্ছেন।