নরসিংদীর শহীদ ময়েজউদ্দিন সেতুর মাশুল আদায় কেন্দ্রের ব্যবস্থাপককে দুটি থাপড় দিয়েছেন আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আশরাফ খান। এ সময় সাংসদের লোকজন মাশুল আদায় কেন্দ্রে ভাঙচুর চালান। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেতুর মাশুল আদায় কেন্দ্রে এ ঘটনা ঘটে।মাশুল আদায়কারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির গতকাল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সাংসদ আনোয়ারুলের বিরুদ্ধে চাঁদা আদায় ও হয়রানির অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাংসদ লোকজন নিয়ে ওই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। তবে নরসিংদী-২ (পলাশ) আসনে ক্ষমতাসীন দলের সাংসদ আনোয়ারুল থাপড় দেওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ওই কর্মকর্তা তাঁর সঙ্গে বেয়াদবি করায় তিনি থাপড় দিয়েছেন। ভাঙচুর ও চাঁদা আদায়ের অভিযোগ সত্য নয়।জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের শীতলক্ষ্যা নদীর ওপর শহীদ ময়েজউদ্দিন সেতু নির্মিত হয় ২০০৯ সালে। সেতুতে মাশুল আদায়ের জন্য দরপত্রের মাধ্যমে তিন বছরের জন্য ইজারা নেয় মহিউদ্দিন বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ৩০ সেপ্টেম্বর মহিউদ্দিন বিল্ডার্স ও এশিয়ান ট্রাফিক টেকনোলজি প্রাইভেট লিমিটেড যৌথভাবে ইজারা নেয়। ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সাংসদ আনোয়ারুল তাঁর ঘনিষ্ঠ নোয়াব আলী নামের একজনকে দিয়ে মাশুল আদায় কেন্দ্র থেকে প্রতি মাসে গড়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা করে চাঁদা আদায় করতেন। এ ছাড়া তাঁর সুপারিশে মাশুল আদায় কেন্দ্রে বিভিন্ন পদে ছয়জনকে নিয়োগ দেয় ইজারাদার প্রতিষ্ঠান। কিন্তু ওই ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় গত ২৬ জুন তাঁদের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় চাকরি হারানো ব্যক্তিরা সাংসদের কাছে নালিশ করলে তিনি ক্ষিপ্ত হন।ইজারাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির গতকাল যোগাযোগমন্ত্রীর কাছে সাংসদ আনোয়ারুলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানি করার অভিযোগ করেন। মন্ত্রী এ বিষয়ে মুঠোফোনে সাংসদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংসদ গতকাল সন্ধ্যায় তাঁর লোকজন নিয়ে মাশুল আদায় কেন্দ্রে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন কয়েকটি কক্ষের দরজা ও জানালার কাচ ভাঙচুর করেন।মাশুল আদায় কেন্দ্রের ব্যবস্থাপক আসাদুজ্জামান ওরফে ছানা প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘ওনারা এসে প্রথমে উচ্চ স্বরে জানতে চান, ‘‘এখানকার কে যোগাযোগমন্ত্রীর কাছে অভিযোগ করেছে।’’ আমি বলেছি, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলতে পারে। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাঁরা আমাকে মারধর করতে থাকেন। পরে আমি এমডি (ব্যবস্থাপনা পরিচালক) স্যারকে ফোন করে ধরিয়ে দিলে তাঁকেও তাঁরা গালাগাল করেন।’ এমডি মাহবুব কবির প্রথম আলোকে বলেন, ‘সাংসদ ফোন করেই আমাকে বকাঝকা শুরু করেন। দীর্ঘদিন ধরে তিনি নোয়াব আলীকে দিয়ে আমাদের কাছ থেকে প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা চাঁদা নেন। সম্প্রতি তাঁরা এতটা বেপরোয়া হয়ে গেছে যে আমাদের আর কিছু করার ছিল না। তাই মন্ত্রী মহোদয়ের কাছে অভিযোগ করেছি।’সাংসদের বক্তব্য: আনোয়ারুল আশরাফ প্রথম আলোকে বলেন, ‘অযথা আমাদের লোকজনকে কেন চাকরিচ্যুত করা হয়েছে, সে বিষয়ে জানতে গেলে ছানা (ব্যবস্থাপক আসাদুজ্জামান) আমার সঙ্গে বেয়াদবি করেছেন। এ জন্য তাঁকে দুইটা থাপড় দিয়েছি। কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।’সাংসদ আরও বলেন, ‘তাঁরা যোগাযোগমন্ত্রীর কাছে আমার নামে চাঁদাবাজির অভিযোগ করেছে। আপনারা তো জানেন, আমি চাঁদাবাজি করি কি না। করলে গত চার বছরে অবশ্যই আপনারা লেখতেন? তাই না।’