মন্ত্রীর কাছে রোগীদের নানা অভিযোগ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল শনিবার সকাল ১০টায় আকস্মিক খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সফরে গেলে উপস্থিত রোগীরা ওষুধ-চিকিৎসক-নার্স সম্পর্কে নানা অভিযোগ তুলে ধরেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রী গতকাল সকালে সাতক্ষীরা থেকে সড়কপথে খুলনায় আসার সময় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে মন্ত্রীকে পেয়ে উপস্থিত রোগীরা অধিকাংশ চিকিৎসকের অনুপস্থিতি, অনেক রোগীকে পাশের ক্লিনিকে পাঠিয়ে সুবিধা ভোগ, ওষুধ কম দেওয়া, এক্স-রে ও প্যাথলজির অসুবিধা এবং দুজন সেবিকার দুর্ব্যবহার সম্পর্কে অভিযোগ তুলে ধরেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘দুই জন চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে এবং আরেকজন প্রেষণে অন্যত্র আছেন।’ অন্য ছয়জন চিকিৎসক উপস্থিত ছিলেন। উপস্থিত রোগীরা দুইজন নার্স সম্পর্কে খারাপ ব্যবহারের অভিযোগ করেছেন। তা ছাড়া মন্ত্রী রান্নাঘরও পরিদর্শন করেন। তিনি এক্স-রে-সহ যেসব অসুবিধা আছে তা সমাধানের আশ্বাস দিয়েছেন।