মন্ত্রীর কারণে নাগরিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সমাজ পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে আন্দোলন করছে না। তারা চালকদের দক্ষতা বাড়ানো, শিক্ষার ব্যবস্থা ও চাকুরির সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেছে। তবে মন্ত্রীর প্ররোচনায় শ্রমিক ও চালকেরা এখন নাগরিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।গতকাল শুক্রবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা আয়োজিত মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা এ কথা বলেন। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের সংগঠন ফুয়ারা, এডুকেটেড রেসপনসিবল ড্রাইভিং প্রোগ্রাম (ইআরডিপি), জাতীয় ভোক্তা মঞ্চ ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় তাঁদের মতামত তুলে ধরেন। দেশের ২১ জেলায় পরিবহন ধর্মঘটের পেছনে মন্ত্রীর প্ররোচনা আছে বলে তাঁরা মন্তব্য করেন। ইআরডিপির চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক বলেন, মন্ত্রীর প্ররোচনায় বাসের চালক ও নাগরিক সমাজ বিভক্ত হয়ে গেছে। জাতীয় ভোক্তা মঞ্চের সাধারণ সম্পাদক এস এম সৈকত বলেন, সরকারের মধ্য থেকে একজনের পরিবহন শ্রমিকদের মিথ্যা প্ররোচনা দিয়ে মানুষের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়। ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতার প্রতিনিধি তানভীর সিদ্দিকী বলেন, মিশুক মুনীরের ঘাতক বাসচালকের মুক্তির দাবিতে আজ পরিবহন ধর্মঘট হচ্ছে। এরপর হিযবুত তাহ্রীরের জঙ্গি বা যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু হতে পারে। মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী।