মন্ত্রীর গাড়িকে পাশ কাটানোয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের গাড়িবহরকে পাশ কাটানোয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তজেলা পরিবহনের একটি গাড়ির চালক ও তাঁর সহকারীকে পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা শহরের অদূরে ফাঁসিতলায় এ ঘটনা ঘটে।পরিবহনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোকামতলায় পৌঁছার পর মন্ত্রী জি এম কাদেরের গাড়িবহর পাশ কাটিয়ে সামনে চলে যায়। মন্ত্রীর গাড়িকে পাশ কাটানোর কারণে ফাঁসিতলা বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশ গাড়িটি আটক করে। এরপর গাড়ির চালক কামাল হোসেন ও তাঁর সহকারী উজ্জ্বলকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ পেটাতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে কামাল হোসেন মন্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চান। মন্ত্রী তাঁদের ক্ষমা করে দিয়ে গাড়িবহর নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস পেটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, পাশ কাটানোর কারণে দুর্ঘটনা ঘটতে পারত। এ জন্য গাড়িটি আটক করা হয়েছিল। তবে পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।