মন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর থেকে খুলনা যাওয়ার পথে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় গতকাল রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি পাজেরো গাড়ির ধাক্কায় ছয় ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষ প্রায় আধা ঘণ্টা ধরে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।
তবে অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘মন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি মন্ত্রীর বহরের নয়। এরপর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। তাদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।’
প্রত্যক্ষদর্শীদের দুজন জানান, সকাল ১০টা ২০ মিনিটে মন্ত্রীর গাড়ির বহর নূরবাগ এলাকা অতিক্রম করছিল। এ সময় বহর থেকে দ্রুতগতির একটি পাজেরো মহাসড়ক থেকে ফুটপাতে নেমে পড়ে। ওই পাজেরোর ধাক্কায় ফুটপাতে থাকা ছয় ব্যক্তি আহত হন। তাঁরা হলেন অভয়নগরের মথুরাপুর গ্রামের রুকাইয়া খাতুন (২২) ও শিউলি বেগম (৩৮), শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম (২৪), দীঘিরপাড় গ্রামের আসমা বেগম (৩৫) ও আনজিরা বেগম (৪৬) এবং খুলনার দৌলতপুরের পাবলা গ্রামের বীরেন্দ্রনাথ দত্ত (৪৮)। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রুকাইয়া খাতুন, শিউলি বেগম ও সোনিয়া বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।