মন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টা পরও সচল হয়নি ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়ার তিন নম্বর ঘাটটি (রো রো ফেরিঘাট) চালু হয়নি। দুই নম্বর ঘাটও ভাঙনের মুখে। বালুর বস্তা ফেলে সেখানে কাজ চলছে। ছবি: তানভীর হাসান, মুন্সিগঞ্জ
মাওয়ার তিন নম্বর ঘাটটি (রো রো ফেরিঘাট) চালু হয়নি। দুই নম্বর ঘাটও ভাঙনের মুখে। বালুর বস্তা ফেলে সেখানে কাজ চলছে। ছবি: তানভীর হাসান, মুন্সিগঞ্জ

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ঘোষণার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। আজ বৃহস্পতিবারও সচল হয়নি মাওয়ার ৩ নম্বর ফেরিঘাট (রো রো ঘাট)।
গতকাল বুধবার সকাল নয়টার দিকে মাওয়ায় পদ্মার ভাঙন পরিদর্শন করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছিলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিলীন হওয়া ঘাট চালু করা হবে (৩ নম্বর রো রো ফেরিঘাট)। আপাতত ২ নম্বর ঘাটে রো রো ঘাটটি স্থানান্তর করে সচল করা হচ্ছে। এ ঘাটেই কে-টাইপ ও ডাম্প ফেরিগুলো চলবে।’
ঘোষণার পর ভাঙনে ডুবে যাওয়া ৩ নম্বর ঘাটের র‌্যাম্পটিকে গতকাল সন্ধ্যার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম টেনে তুলেছে। এর পর থেকে ওই ঘাট চালু করার কাজ আর এগোয়নি।
মাওয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, নদীর যে অবস্থা, এটা স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তাই ৩ নম্বর ঘাটের মেরামতকাজ বন্ধ রাখা হয়েছে। তবে ২ নম্বর ঘাটের পাশে আরেকটি ঘাট বসানোর কাজ চলছে।

সিরাজুল হক জানান, প্রচণ্ড স্রোতের কারণে আজ পাঁচটি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আর রো রো ঘাট না থাকায় রো রো ফেরি তিনটি আজও চলতে পারছে না। এসব কারণে একটু সমস্যা হচ্ছে।

ভাঙনের মুখে থাকা ২ নম্বর ফেরিঘাট ও এর আশপাশের এলাকায় সকাল থেকে বালুর বস্তা ফেলা হচ্ছে।

মাওয়া ঘাটের বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ জানান, ২ নম্বর ঘাটে মেরামতকাজ করা হচ্ছে। ওই ঘাটের পাশেই আরেকটি র‌্যাম্প বসানো হচ্ছে। এতে রো রো ফেরিগুলো চলতে পারবে।

৩ নম্বর ফেরিঘাট চালু না হওয়ায় এবং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। ১৬টি ফেরির মধ্যে আটটি চলাচল করেছে। বন্ধ রয়েছে তিনটি রো রো ফেরি ও ছোট, মাঝারি এবং ফ্লাডসহ আটটি ফেরি। তাই আজও মাওয়া ও কাওড়াকান্দি ঘাটের দুই পাশে দীর্ঘ যানজট রয়েছে। বিশেষ করে পণ্যবোঝাই ট্রাকগুলো দুই থেকে তিন দিন ধরে দুই পাশের ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া ঘাটের চৌরাস্তা থেকে ট্রাকের সারি দুই কিলোমিটার পর্যন্ত শ্রীনগরের দোগাছিতে গিয়ে ঠেকেছে। কাওড়াকান্দি ঘাটেও একই পরিস্থিতি।

গত দুই দিনে মাওয়ায় ৩০টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন-আতঙ্কে আজ সকাল ১০টা পর্যন্ত প্রায় ৩০-৩৫টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান জানান, মানিকগঞ্জ থেকে একটি পন্টুন আনা হয়েছে। সেটা ২ নম্বর ঘাটে বসানোর কাজ চলছে। বসাতে পারলে ঘাটের চাপ কিছুটা কমবে।