মন্ত্রীর চিঠি জাল করে বিদ্যালয়ের সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের চিঠি (ডিও) জাল করে একটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গত শুক্রবার সন্ধ্যায় গোলাম মোহাম্মদ কাদের প্রথম আলোকে বলেন, ‘আমি ডিও জালকারি গোলাম ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তৈয়বকে নির্দেশ দিয়েছি।’ আবু তৈয়ব বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।বিমান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মো. আবু তৈয়বকে নিয়োগ দিতে স্থানীয় সাংসদ হিসেবে আনুষ্ঠানিক চিঠি (ডিও) দেন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। কিছুদিন পর তিনি জানতে পারেন, যাঁর জন্য তিনি চিঠি দিয়েছিলেন, তাঁকে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি না করে স্থানীয় মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুককে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক ও দিনাজপুর শিক্ষা বোর্ডের কাছে মন্ত্রী চিঠি দিয়ে বিষয়টি জানতে চান। ওই চিঠির পরিপ্রেক্ষিতে জাল ডিওটি মন্ত্রীর কাছে পাঠায় দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।দিনাজপুর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক হাম্মাদুলবার বলেন, নিয়ম অনুযায়ী যে আসনের এলাকায় স্কুলটি অবস্থিত, সেই এলাকার সাংসদ গোলাম মোহাম্মদ কাদেরের ডিও দেখে গোলাম ফারুককে কমিটির সভাপতি করা হয়েছে। পরবর্তী সময়ে একই স্কুলের জন্য মো. আবু তৈয়বকে দেওয়া ডিও পেয়ে তাঁরা অবাক হন। পরে মন্ত্রীর চিঠি পেয়ে জানতে পারেন, তিনি গোলাম ফারুকের জন্য ডিও দেননি। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও মোগলহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি মো. গোলাম ফারুকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।