মন্ত্রীর জন্য করা সংস্কারও টিকল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রীর আগমন উপলক্ষে গোয়ালন্দের দৌলতদিয়াঘাট এলাকার বিকল্প সড়কে করা নির্মাণকাজের কার্পেটিং এক দিনেই উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুক্রবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
মন্ত্রীর আগমন উপলক্ষে গোয়ালন্দের দৌলতদিয়াঘাট এলাকার বিকল্প সড়কে করা নির্মাণকাজের কার্পেটিং এক দিনেই উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুক্রবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চলতি মাসেই এক দফা সড়কের সংস্কারকাজ হয়। কদিন যেতে না যেতেই এর কার্পেটিং উঠে যায়। মন্ত্রী আসবেন জেনে আবারও কার্পেটিং করা হয়। এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী ফিরে যাওয়ার এক দিন পর আবারও আগের অবস্থায় ফিরে এল সড়কটি।
দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বিকল্প সড়কটির এমন দশায় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্মাণের দেড় বছরের মাথায় ওই সোয়া এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে পাথর বের হয়ে গেছে।
এ নিয়ে ৮ জুলাই ‘সড়কটির আয়ু দেড় বছর!’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয়রা জানান, পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জরুরি ভিত্তিতে সংস্কারকাজ করে। কিন্তু কয়েক দিন পরই আবার সড়কে খানাখন্দ দেখা দেয়। গত শুক্রবার দৌলতদিয়ায় নৌপরিবহনমন্ত্রীর আগমন উপলক্ষে বিকল্প সড়কে কার্পেটিংয়ের কাজ করা হয়। গতকাল শনিবার থেকে সড়কে আবারও খানাখন্দ দেখা যাচ্ছে।
শুক্রবার দুপুরে দৌলতদিয়া ঘাট টার্মিনালে তিনটি নতুন ইউটিলিটি ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এলাকা পরিদর্শনে মন্ত্রী সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেন।
এ সময় সওজের কেউ উপস্থিত না থাকায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামকে বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের নির্দেশ দেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঈদের আগেই ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ফেরিঘাট এলাকার সড়কগুলো মেরামত করতে হবে। সড়কের অবস্থা খারাপ থাকলে ফেরির সংখ্যা বাড়িয়ে কোনো লাভ হবে না।
শুক্রবার দুপুরে ফেরির উদ্বোধনী অনুষ্ঠানে আসা মন্ত্রীর গাড়িবহর চলাচলের পর দেখা যায়, রোদে সড়কের পিচ গলে পাথর বেরিয়ে গেছে। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
এ সময় কয়েকজন চালক বলেন, সারা বছর কোনো খবর নেই। ঈদ এলেই সওজের ব্যস্ততা বেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিওটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, তড়িঘড়ি কাজ করলে সড়কের স্থায়িত্ব থাকে না।
সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও গোয়ালন্দ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, জেলায় সড়ক মেরামতের জন্য মাত্র একটি ট্রাক রয়েছে। এই ট্রাক দিয়েই পুরো জেলা ঘুরে কাজ করতে হয়।
ঘাট এলাকার সব সড়কেরই জরুরি সংস্কারকাজ করা হয়েছে। মন্ত্রী আসার আগের দিনও দুই ড্রাম বিটুমিন দিয়ে বিকল্প সড়কের সংস্কারকাজ করা হয়েছে।
কামরুজ্জামান আরও বলেন, ‘এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি নামছে। একদিকে সংস্কারকাজ করছি, অন্যদিকে বৃষ্টি এসে সব শেষ করে দিচ্ছে। তা না হলে এক দিন পরই সড়ক নষ্ট হওয়ার কথা নয়।’