সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে গতকাল মঙ্গলবার রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে মন্ত্রীকে ফুলেল গালিচা শুভেচ্ছা জানানো হয়।
এদিকে মন্ত্রী আসবেন বলে স্থানীয় প্রশাসনের বিশেষ নির্দেশে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা সেতু এলাকায় ঢোকেননি।
বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে মন্ত্রী শাহজাদপুর সরকারি কলেজ মাঠে পৌঁছান। পরে ফুলের পাপড়ি ছিটানো লাল-হলুদ গালিচার দুপাশে দাঁড়িয়ে মন্ত্রীকে ফুল ছিটিয়ে স্বাগত জানায় স্থানীয় রংধনু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু একই আদর্শের মানুষ ছিলেন। তাঁরা মানুষকে নিয়ে ভাবতেন, ভালোবাসতেন। এই আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে।’
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন প্রমুখ।
রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শাহজাদপুরের এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পরিদর্শন শেষে দরগাচর চর এলাকায় একটি পথসভা করেন।
প্রতিদিনই যেখানে সিএনজিচালিত অটোরিকশার জটলায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে, সেখানে গতকাল একটি অটোরিকশাও ছিল না। মন্ত্রী আসবেন বলে স্থানীয় প্রশাসনের বিশেষ নির্দেশে এসব অটোরিকশাচালককে সেতু এলাকায় অবস্থান করতে নিষেধ করা হয়। এই সুযোগে শাহজাদপুর উপজেলার পূর্ব এলাকার হাবিবুল্লা নগর, পোরজনা, কৈজুরী, জালালপুর, গালা ও বেলতৈল ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘ দিন পর যানজটবিহীন সেতু দিয়ে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পান।
সেতুর পার্শ্ববর্তী দরগাচর গ্রামের বাসিন্দা কাপড়ের ব্যবসায়ী এন্তাজ আলী বলেন, প্রতিদিন তাঁর বাড়ি থেকে সেতু পার হয়ে উপজেলা সদরে পৌঁছাতে এক ঘণ্টা সময় লাগে। কিন্তু গতকাল যানজট না থাকায় তিনি মাত্র ১০ মিনিটে সেতু পার হয়ে উপজেলা সদরে পৌঁছান।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।