মন্ত্রীর নির্দেশ উপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে জেলা প্রশাসক ঠাকুরগাঁও বেতারের ভুয়া বিলের কাগজপত্র কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে হিসাবরক্ষণ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বেতারশিল্পী ও জেলা হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা গেছে, গত মাসে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র কর্তৃপক্ষ নাটক, সংগীত ও কথিকা বাণীবদ্ধ না করেই শিল্পীদের সই জাল করে তাঁদের নামে বিল জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত ২৫ মে প্রথম আলোয় প্রকাশিত হয়। এরপর পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জেলা প্রশাসককে বেতারের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।জেলা প্রশাসক গত ৩০ মে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহ আলমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। কমিটির ৯ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।এদিকে সদ্য গঠিত ‘সম্মিলিত বেতার-টেলিভিশন শিল্পীগোষ্ঠী’ নামে একটি সংগঠন গত বুধবার হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেওয়া বিলগুলো বেতার কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেয়। জেলা প্রশাসক ৮ জুন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিতে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) নির্দেশ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক ওই দিনই হিসাবরক্ষণ কর্মকর্তাকে বিল সংশোধনের জন্য তা ফেরত দেওয়ার পরামর্শ দেন।এ ঘটনার দ্রুত তদন্ত এবং আঞ্চলিক পরিচালকের অপসরণের দাবিতে ৯ জুন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বেতার শিল্পীসমাজ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত তদন্ত শুরু করতে পারিনি। আরও ১০ দিন সময় চাওয়া হয়েছে।’ জেলা প্রশাসক মুহাম্মদ শহিদুজ্জামান বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি। এখন আত্মসাতের চেষ্টার অভিযোগ আমরা তদন্ত করব না। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলব।’