মন্ত্রীর নির্দেশ না মানায় নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক বদলি
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানকে গতকাল রোববার বদলির নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রী গত দেড় মাসে দুবার নির্দেশ দেওয়ার পরও তিনি সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেননি।যোগাযোগমন্ত্রী গতকাল সকালে সড়কপথে নোয়াখালী থেকে ঢাকায় যান। পথে তিনি কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর চৌরাস্তা মোড়ে নেমে গৌরীপুর-হোমনা সড়কের করুণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।এরপর ওবায়দুল কাদের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় মেঘনা-গোমতী সেতু এবং ওজন পরিমাপক যন্ত্রের (ওভারলোড কন্ট্রোল মেশিন) কার্যক্রম পরিদর্শন শেষে টোল প্লাজা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।সাংবাদিকেরা গৌরীপুর-হোমনা ও দাউদকান্দি বিশ্বরোড থেকে থানা সদর সড়কের বেহাল অবস্থার কথা মন্ত্রীকে অবহিত করেন। তখন মন্ত্রী জানান, গৌরীপুর-হোমনা সড়কের দেড় কিলোমিটার এবং দাউকান্দি বিশ্বরোড থেকে থানা সদর পর্যন্ত সড়কের এক কিলোমিটার অংশ সংস্কারের জন্য গত দেড় মাসে প্রকৌশলী হাফিজুর রহমানকে দুবার নির্দেশ দিয়েছেন। এর পরও তিনি সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেননি। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে তিনি হাফিজুর রহমানকে বদলির জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সওজের ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম সাইফুল আমিন, অধ্যাপক খান মাহমুদ আমানত, অধ্যাপক আবদুল মতিন প্রমুখ।এর আগে ওবায়দুল কাদের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজারে পরীক্ষামূলকভাবে চালু পদুয়ার ওজন পরিমাপক যন্ত্র পরিদর্শন করেন। সেখানে গিয়ে মন্ত্রী দেখতে পান, যন্ত্রটি বন্ধ। এ জন্যও মন্ত্রী নির্বাহী প্রকৌশলীর ওপর ক্ষুব্ধ হন। তবে প্রকৌশলী হাফিজুর রহমান দাবি করেছেন, তিনি কাজে কোনো অবহেলা করেননি। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ১৮ কিলোমিটার গৌরীপুর-হোমনা সড়কের অর্ধেক কাজ হয়ে গেছে। বরাদ্দের অভাবে বাকি কাজ আটকে আছে। আর দাউকান্দি বিশ্বরোড থেকে থানা সদর বাজার সড়কের কাজ করা যাচ্ছে না পৌরসভার সঙ্গে সমন্বয়ের অভাবে। ওই সড়কের পাশ দিয়ে নালা তৈরির কথা আছে পৌরসভার। ওই কাজ না হলে সড়ক সংস্কার করে লাভ হবে না।