মন্ত্রীর নির্দেশ শিরোধার্য না মানলে খেসারত দিতে হবে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মন্ত্রীর নির্দেশ শিরোধার্য। এই নির্দেশ না মানলে তাঁকে খেসারত দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাঙ্গনের সন্ত্রাস দমনে তাঁর দেওয়া নির্দেশগুলো বাস্তবায়িত হয় কি না, এই প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে সারা দেশের নিরাপত্তা কী হবে, তা নির্ধারণ করতে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, ঢাকা রেঞ্জের উপপরিদর্শক মোখলেসুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার ইকবাল বাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নিয়ে গত বছর প্রথমবারের মতো যেভাবে নির্বিঘ্নে শৃঙ্খলার সঙ্গে একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে, এবারও যাতে তা বজায় থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে ছাত্রলীগের কর্মী নিহত ও আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে তখন প্রশ্ন করা হয়, এত সব নির্দেশের পরেও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে, তবে কি নির্দেশ পৌঁছাচ্ছে না নাকি বাস্তবায়িত হচ্ছে না—তখন মন্ত্রী বলেন, মন্ত্রীর নির্দেশ শিরোধার্য। না মানলে খেসারত দিতে হবে।