চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন কে সি দে সড়কে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মুখ্য মহানগর আদালতে হাজির করা হলে হাকিম জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শনিবার সন্ধ্যায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নির্দেশে ওই তিনজনকে আটক করা হয়।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন নোবেল (৩৮), তালেব (২৮) ও মোহাম্মদ হালিম (৩০)। শনিবার সন্ধ্যায় শিল্পমন্ত্রীর নির্দেশে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজনসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে থানায় একটি মারধরের মামলা হয়েছে। ওই মামলায় তিনজনকে আজ (রোববার) মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’কোতোয়ালি থানা সূত্র জানায়, কে সি দে সড়কের মা-মণি হোটেলের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন। হোটেলসংলগ্ন তিন গণ্ডা জমির মালিক দাবিদার লাতু বড়ুয়া নামের এক ব্যক্তি। ওই জমিতে দুটি আধাপাকা দোকান ও লাতু বড়ুয়ার পাকা ঘর আছে। ওই জমির মালিকানা নিয়ে আদালতে একটি মামলাও আছে। গত শনিবার সন্ধ্যায় হাসিনা মহিউদ্দিনের লোকজন জমির সীমানা নির্ধারণ করতে গেলে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।গত শনিবার বিকেলে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ষষ্ঠ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠান চলাকালে তাঁর মুঠোফোনে একটি কল আসে। এ সময় তিনি বিষয়টি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই শোনেন, শোনেন, কেসি রোডে একজন মহিলাকে উচ্ছেদ করা হচ্ছে। তাঁকে তুলে নেওয়া হচ্ছে। আমি ডিসি সাউথকে বলেছি। কেউ এটাকে গুরুত্ব দিচ্ছে না।’ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী অভিযোগ করেন, ‘জমি নিয়ে বিরোধের ঘটনায় স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী জড়িত।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী দিলীপ বড়ুয়া ঘটনাস্থলে ছুটে যান। চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। জমির মালিকানা নিয়ে আদালতে একটি মামলাও আছে। মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।’ জমির দাবিদার লাতু বড়ুয়া বলেন, ‘শ্রমিকেরা জমির সীমানা নির্ধারণ করতে এসে আমার পরিবারের সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও মারধর করে।’ঘটনায় জড়িত থাকার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার লাতু বড়ুয়া দুটি দোকানের মালিকানা বুঝিয়ে দিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় জমির সীমানা নির্ধারণ করার কথা ছিল। কিন্তু শ্রমিকেরা কাজ করতে গেলে লাতু বড়ুয়ার লোকজন বাধা দেয়। আমি জনপ্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। কিন্তু বিরোধের সময় আমি ছিলাম না।’