মন্ত্রীর নির্দেশে ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের টানানো ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলার জন্য পুলিশকে নির্দেশ দিলেন মন্ত্রী। তাঁর নির্দেশে পুলিশ তাৎক্ষণিক সব ব্যানার ও ফেস্টুন নামিয়ে তাদের হেফাজতে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার।জানা গেছে, গতকাল দুপুরে যোগাযোগমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতী (দাউদকান্দি) সেতু পরিদর্শন করতে যাওয়ার খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা মন্ত্রীকে স্বাগত জানিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টানান। মন্ত্রী এসব ব্যানার ও ফেস্টুন কার নির্দেশে টানানো হয়েছে, তা আওয়ামী লীগের নেতাদের কাছে জানতে চান। নেতারা কোনো উত্তর দিতে না পারায় মন্ত্রী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে মহাসড়কের ওপর গাড়ি থামিয়ে মন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বরত পুলিশকে এসব ব্যানার নামিয়ে ফেলে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ এসব ব্যানার নামিয়ে থানায় নিয়ে যায়। এ সময় মন্ত্রী প্রথম আলোকে জানান, মহাসড়কে তাঁকে স্বাগত জানিয়ে এসব ব্যানার টানানো ঠিক হয়নি। এ জন্য তিনি পুলিশকে ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।সোনারগাঁ থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন জানান, ‘হঠাৎ গাড়ি থামিয়ে মন্ত্রীকে ব্যানার সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়ায় আমরা ব্যানার নামিয়ে থানায় নিয়ে এসেছি।’সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, মন্ত্রী আগেই মহাসড়কের পোস্টার, তোরণ, ব্যানার টানানো নিষেধ করে দিয়েছিলেন। তবু অত্যুৎসাহী নেতা-কর্মীরা এসব কাজ করার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে পুলিশকে এ নির্দেশ দিয়েছেন।