মন্ত্রীর নির্দেশেও খুলনায় রেলওয়ের জমি দখলমুক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের খুলনায় রেলওয়ের জমি সাত দিনের মধ্যে অবৈধ দখলদারমুক্ত করার নির্দেশ দেওয়ার ১৪ দিন পরও তা বাস্তবায়ন করা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের সরে যেতে কয়েক দফা মাইকিং করলেও তাতে তেমন কোনো ফল হয়নি। রেলওয়ের খুলনা স্টেশন সূত্রে জানা যায়, গত ৬ জুলাই মন্ত্রী খুলনা রেলস্টেশন পরিদর্শনকালে রেলওয়ের জায়গা থেকে সব অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন। এর পর রেলের ভূসম্পত্তি বিভাগ অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানের তোড়জোড় শুরু করে। দখলদারদের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে ভূসম্পত্তি বিভাগ থেকে ইতিমধ্যে তিন দফা এলাকায় মাইকিং করা হয়েছে। কিন্তু এখনো দখলদারেরা তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের খুলনা কাছারির কানুনগো আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, ‘খুলনায় রেলওয়ের ১৫-২০ একর জমি অবৈধ দখলদারদের অধীনে রয়েছে। তিনি দাবি করেন, মাইকিং করার পর বেশ কিছু অবৈধ স্থাপনা দখলদারেরা সরিয়ে নিয়েছেন। যাঁরা রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের দু-এক দিনের মধ্যে আইনগতভাবে উচ্ছেদ করা হবে।