মন্ত্রীর নেতৃত্বে পোশাকশিল্পে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষের জন্য সরকারের একজন মন্ত্রীকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, ওই মন্ত্রীর নেতৃত্বে এই অস্থিরতা তৈরি হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তৈরি পোশাক খাত। এ খাতকে ধ্বংস করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ খাত ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। তিনি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তৈরি পোশাক খাত স্থিতিশীল ছিল। হঠাৎ একজন মন্ত্রী পোশাকশ্রমিকদের নেতা হিসেবে আবির্ভূত হন। সেই মন্ত্রীর শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে নতুন করে নৈরাজ্য শুরু হয়েছে। দেশের অর্থনীতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য ওই মন্ত্রীর নেতৃত্বে অরাজকতা শুরু হয়েছে।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে। এখন তৈরি পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। তারা তাদের লোকদের নয়টি ব্যাংক অনুমোদন দিয়েছে। এখন আওয়ামী লীগের লোক ছাড়া কেউ ব্যবসা করতে পারে না।
’৭৩-এর ভোট ডাকাতের অধীনে নয়, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদ এতে সভাপতিত্ব করেন।
‘নভেম্বরে সরকার অচল’: গতকাল প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নভেম্বরে তাঁদের আন্দোলন যে রূপ নেবে, তাতে সরকার অচল হয়ে যাবে। সরকার তখন বুঝবে বিএনপির সাংগঠনিক ক্ষমতা আছে কি না। জাতীয়তাবাদী গণদল নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।
জঙ্গিবাদ নির্মূলের কৃতিত্ব বিএনপির বলে দাবি করেন মওদুদ আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ বিদেশিদের সমর্থন পাওয়ার জন্য জঙ্গিবাদের কথা বলে। তাদের সময়ই জঙ্গিবাদের উত্থান হয়েছিল। গত পাঁচ বছরে সরকার জঙ্গি নির্মূলে কোনো পদক্ষেপ নেয়নি। মুফতি হান্নান এখনো বেঁচে আছে। সরকার তাঁকে ব্যবহার করছে। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগ জঙ্গিবাদ জিইয়ে রাখে বলে তিনি দাবি করেন।