মন্ত্রীর পক্ষের আনিছুর থেকে দূরে সাংসদপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর প্রচার-প্রচারণা ও গণসংযোগে মাঠে নেই সাংসদপক্ষের নেতা-কর্মীরা। সাংসদের লোকজন গোপনে দলের ‘বিদ্রোহী’ ও বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুরের তিনটি পৌরসভার মধ্যে এ বছর নির্বাচন হচ্ছে শুধু শ্রীপুর পৌরসভায়। নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান, বিএনপির মনোনীত শহিদুল্লাহ শহিদ, জাসদের আবুল কাশেম ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আহসান উল্লাহ।
দলের মেয়র পদপ্রার্থী আনিছুর রহমান গত শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএনবি বাজার এলাকায় গণসংযোগ করেন। তাঁর সঙ্গে অনেক নেতা-কর্মীকে দেখা গেলেও সাংসদের পক্ষের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। এ বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর সব নেতার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তাঁরা মাঠে কাজ করার কথা জানিয়েছেন। কিন্তু অনেকেই নানা কাজের অজুহাত দেখিয়ে এখন পর্যন্ত গণসংযোগে নামেননি।’
দলীয় সূত্রে জানা গেছে, শ্রীপুরে গত উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ওরফে সবুজ। এতে স্থানীয় সাংসদ রহমত আলী ও তাঁর ছেলে জামিল হাসানের অনুসারী আবদুল জলিল প্রার্থিতা থেকে বাদ পড়েন। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দলীয় কোন্দলে ওই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তাতে ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন করে আবদুল জলিলকে মনোনয়ন দেওয়া হয়।
এবার পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের জন্য মনোনয়ন চান সাংসদ ও তাঁর ছেলে। কিন্তু কেন্দ্র মনোনয়ন দেয় বর্তমান মেয়র আনিছুর রহমানকে। আনিছুর রহমান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের অনুসারী হিসেবে পরিচিত। এদিকে সাংসদ ও সাংসদপুত্রের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় তাঁদের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে গতকাল রোববার পর্যন্ত শ্রীপুরের ওই সব নেতা-কর্মীকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় মাঠে নামতে দেখা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, আওয়ামী লীগের দলীয় কোন্দল এখন নির্বাচনের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাংসদ রহমত আলী বয়স্ক হয়ে যাওয়ায় তাঁর বাইরে যাতায়াত কম। তাঁর অনুপস্থিতিতে ছেলে জামিল হাসান দলের নেতা-কর্মীদের নিয়ে একটি পক্ষ (সিন্ডিকেট) তৈরি করেছেন। জামিল হাসান পৌর আওয়ামী লীগের নেতা শেখ নজরুল ইসলামের জন্য মনোনয়ন চেয়েছিলেন। তিনি মনোনয়ন না পাওয়ায় তাঁর অনুসারী একটি অংশের নেতা-কর্মীরা নির্বাচনের মাঠে নামেননি।
ভাংনাহাটি ও কেওয়াবাজার এলাকার কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাংসদপক্ষের অনেকে গোপনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে এবং কেউ কেউ ধানের শীষের পক্ষে কাজ করছেন।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘দলীয় প্রতীক নৌকা, তাই আমরা সবাই নৌকার পক্ষেই আছি। আনিছুর রহমান আমাদের ছাড়াই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাই আমরা আমাদের মতো আছি।’
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করে সাংসদ রহমত আলীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আর জামিল হাসানের মুঠোফোনে গতকাল রোববার রাতে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মন্ত্রীর পক্ষের নেতা। ইকবাল বলেন, ‘নৌকা প্রতীকের বিকল্প নেই। তাই যাঁরা এখনো নৌকার পক্ষে মাঠে নামেননি, তাঁদের এখনই নামা উচিত।’