স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘মন্ত্রীর পদত্যাগের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বরং বেড়েছে। কেননা, গণতান্ত্রিক ও সংসদীয় সরকারপদ্ধতিতে মন্ত্রী আসবেন ও যাবেন, এটাই স্বাভাবিক।’ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার মেহেরপুরের মুজিবনগর আম্রকুঞ্জের নিচে মুক্তিযোদ্ধা সমাবেশ শেষে সৈয়দ আশরাফ প্রথম আলোকে এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘অর্থ কেলেঙ্কারির একটি ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করেছেন। তদন্তে যদি দুর্নীতি ও কেলেঙ্কারি প্রমাণিত হয়, তাহলে তা সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করবে।’এর আগে মুক্তিযোদ্ধা সমাবেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জিয়াউর রহমান যদি মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতেন এবং সরকারপ্রধানকে সালাম দিতেন, তাহলে মুজিবনগরের ইতিহাসের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা থাকত। সেটা নেই বলেই খালেদা জিয়া মুজিবনগরে আসেন না। আজ এরাই স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে চাইছে।সৈয়দ আশরাফ বলেন, যারা স্বাধীনতার ইতিহাস পাল্টে বিকৃত ইতিহাস গড়তে চায়, তারা জ্ঞানপাপী, অধম ও রাষ্ট্রদ্রোহী। তিনি বলেন, মুজিবনগর জাতিসত্তার, স্বাধীনতার সবচেয়ে পবিত্র স্থান। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন মুজিবনগর দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হবে।পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারে অনড়, তখন খালেদা জিয়া এ বিচার বানচালের ষড়যন্ত্র করছেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল।এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন। বেলা ১১টায় মুজিবনগর স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দ আশরাফুল ইসলাম। পরে মন্ত্রী, উপদেষ্টা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সাড়ে ১১টায় একাত্তর সালে মুজিবনগরে গঠিত প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী চারজন আনসার সদস্যের নেতৃত্বে আনসার সদস্যরা অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন।