মন্ত্রীর পিএ পরিচয় দিয়ে প্রতারণা, তরুণ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধা আদায়ের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয় দিয়ে পুলিশ সুপারের (এসপি) কাছে ফোন দিয়ে ধরা খেয়েছেন আল মামুন (২৩) নামের এক তরুণ। গত রোববার দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে পুলিশ তাঁকে আটক করে। মামুন সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামের সালাহউদ্দিনের ছেলে।থানা-পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে যশোর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে মামুন সোহাগ পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে বাসের সুপারভাইজারের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এরপর তিনি বাস থেকে নেমে একই পরিবহনের রাত নয়টার বাসে ওঠেন। বাসে ওঠার পর তিনি রাজবাড়ীর পুলিশ সুপারকে (এসপি) ফোন দিয়ে ঘাটে পৌঁছার পর বাসটিকে দ্রুত পার করে দিতে বলেন এবং আগের বাসের সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। সে অনুযায়ী এসপি গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিব তরফদার ঘাটে সোহাগ পরিবহনের বাসটি পেয়ে চালক ও সুপারভাইজারের কাছ থেকে প্রকৃত ঘটনা জানতে পারেন। এরপর সোহাগ পরিবহনের পরবর্তী বাসটি রাত সাড়ে ১২টার দিকে ঘাটে পৌঁছালে পুলিশ মামুনকে আটক করে তল্লাশি করে। এ সময় মামুনের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাসের একটি ভুয়া সার্টিফিকেট, একজন সাংসদের একটি সিল জব্দ করা হয়।