মন্ত্রীর প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চললেও মূল লড়াই জমে উঠেছে কালিহাতী উপজেলায়। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী ছয়জন। তবে আসল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ-সমর্থিত মোজহারুল ইসলাম তালুকদার ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শুকুর মাহমুদের মধ্যে।
মোজহারুল ইসলাম কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়কমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ঘনিষ্ঠ হওয়ায় এলাকায় মন্ত্রীর প্রার্থী হিসেবেও পরিচিত।
অন্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত শফিকুল ইসলাম তালুকদার, বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী এস এম খালিদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলায়মান হাসান। এ ছাড়া আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম খান দলের উচ্চপর্যায়ের ‘চাপে’ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও কাগজপত্রে তিনি প্রার্থী হিসেবেই আছেন।
এদিকে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শুকুর মাহমুদ অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের আশঙ্কা করছেন তিনি। তাঁর কর্মী-সমর্থকদের মারধর ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। আর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোজহারুল ইসলামের পাল্টা অভিযোগ, শুকুর মাহমুদের নিজ এলাকা সদহেবপুরে কারচুপি হতে পারে।
জানতে চাইলে ইউএনও মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শুকুর মাহমুদের অভিযোগের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
কালিহাতী ছাড়াও আজ নাগরপুর, মধুপুর ও ভূঞাপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাগরপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত মুলতান উদ্দিন, দলের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম, বিএনপি-সমর্থিত আবদুস সামাদ, দলের বিদ্রোহী প্রার্থী এনামুল করিম, জাতীয় পার্টির আবদুল কুদ্দুছ ও স্বতন্ত্র প্রার্থী এমদাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।