মন্ত্রীর বিদায়ের পরপরই রেলের জমি ফের দখল
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-নোয়াখালী রেলপথে চলাচলকারী উপকূল এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি ও শীতাতপনিয়ন্ত্রিত একটি বগির উদ্বোধন করতে গতকাল শনিবার নোয়াখালী যান। সকাল সোয়া সাতটায় তিনি ওই ট্রেনে চড়েই সোনাইমুড়ী স্টেশন ত্যাগ করেন। এর পরপরই তৎপর হয়ে ওঠে অবৈধ দখলদারেরা। উচ্ছেদ হওয়া দখলদারেরা ফের রেললাইনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে।গতকাল সকাল সোয়া নয়টার দিকে সোনাইমুড়ী রেলগেটের উত্তর ও দক্ষিণ পাশ ঘুরে দেখা যায়, রেললাইনের আশপাশ অনেকটাই ফাঁকা। এর মধ্যে অবৈধ দখলদারেরা বাঁশ ও পাথরের ঢালাই করা খুঁটি এনে নতুন করে স্থাপনা নির্মাণে ব্যস্ত।উচ্ছেদ না করতেই আবার কেন দখল করছেন—এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, ‘রেলের লোকেরা আগেই আমাদের জানিয়েছেন, মন্ত্রী এসে চলে যাওয়ার পর আবার বসতে পারব। এর আগেও একবার মন্ত্রী আসবেন, এ খবর পেয়ে স্থাপনা তুলে নিতে হয়েছে। এভাবে বারবার স্থাপনা তৈরি ও ভেঙে সরিয়ে নিতে আমাদেরই ক্ষতি হয় বেশি।’অপর এক প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক দখলদার বলেন, ‘রেললাইনের পাশে বসে ব্যবসা করার জন্য স্টেশনমাস্টার ও জিআরপি পুলিশকে এককালীন চাঁদা দেওয়ার পর দৈনিক ভিত্তিতেও ভাড়া গুণতে হয়। সরকারি জায়গা ব্যবহারের ঝামেলা অনেক।’রেলওয়ের এক কর্মকর্তা জানান, রেলমন্ত্রী নোয়াখালী সফরে আসবেন এবং উপকূল এক্সপ্রেসে করে সোনাপুর স্টেশন থেকে চৌমুহনী ও সোনাইমুড়ী হয়ে ঢাকায় যাবেন—এ খবরে নড়েচড়ে বসেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা হঠাৎ তৎপর হয়ে যান স্টেশনের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবৈধ দখল উচ্ছেদে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বারবার রেলওয়ের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার মাইকিং করে রেললাইনের পাশ থেকে সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনেকে স্থাপনা ভেঙে কাছাকাছি দূরত্বে সরিয়ে রাখেন।সোনাইমুড়ী স্টেশনমাস্টার আবুল খায়ের জানান, পুনরায় দখল হওয়ার ঘটনাটি দেখে এক কর্মচারী তাঁকে জানিয়েছেন। তবে অবৈধ দখলের বিষয়টি তাঁর দেখার কথা নয়। এটি রেলের ভূমি বিভাগ দেখবে। দখলদারদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি। তাঁর কোনো কর্মচারী নেন কিনা, তা-ও তিনি জানেন না। তবে জিআরপি পুলিশ নিতে পারে বলে জানান স্টেশনমাস্টার। চৌমুহনী জিআরপি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলে তিনি কথা বলতে পারছেন না বলে অপর প্রান্ত থেকে জানানো হয়।লাকসাম স্টেশনে কর্মরত কানুনগো আবদুল হালিম ভূঁইয়া বলেন, গত কয়েক দিনের চেষ্টায় অবৈধ দখলদার অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে কেউ দখল শুরু করে থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনও ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।সোনাপুর স্টেশনে রেলমন্ত্রী: এর আগে সকাল সাড়ে ছয়টায় মন্ত্রী সোনাপুর রেল স্টেশনে ঢাকা-নোয়াখালী রেলপথে নতুন শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বগিসহ পরিবর্তিত সময়সূচির উপকূল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। উপকূল এক্সপ্রেস ট্রেনটি আগে সকাল সাতটা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসত এবং নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ত বেলা দুইটা ৪০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ছয়টায় সোনাপুর স্টেশন থেকে ছাড়বে (বুধবার ছাড়া)। আবার ঢাকার কমলাপুর থেকে বিকেল চারটায় ছাড়বে।