মন্ত্রীর বিরুদ্ধে আ.লীগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর পৌরসভা নির্বাচনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জেলা আওয়ামী লীগ। গত শনিবার মাদারীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়। এতে আরও বলা হয়, খোদ মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলবহির্ভূত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় জেলা আওয়ামী লীগের ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন মোল্লা জানান, আওয়ামী লীগের কোনো পর্যায়ের সদস্য নন এমন এক ব্যক্তি খলিলুর রহমান খানের পক্ষে দলের ক্ষুদ্র একটি অংশ নিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। খলিলুর রহমান খান মাদারীপুর পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপি-জামায়াত জোট থেকে নির্বাচন করেছিলেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৪ জানুয়ারি বিকেলে মন্ত্রী মাদারীপুর শহরে আসেন। তিনি পুরানবাজার এলাকা দিয়ে বিশাল গাড়িবহর নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বাড়ি ফিরে সন্ধ্যায় মাদারীপুর পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করেন। এ সময় মেয়র প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী পুলিশ প্রটোকল নিয়ে শহর ত্যাগ করেন।লিখিত বক্তব্যে আরও বলা হয়, এর আগে মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি গত ১৮ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটগ্রহণের দিন মন্ত্রী যেন তাঁর নিজস্ব ভোট প্রদান কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারেন, সেদিকে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দল-সমর্থিত প্রার্থীকে বাদ দিয়ে খলিলুর রহমান খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দল ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন মোল্লা বলেন, ‘আমরা মাদারীপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খালিদ হোসেনকে জয়ী দেখতে চাই। আমাদের দলীয় মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনতে আমাদের খারাপ লাগছে। তবে ব্যক্তির চেয়ে দল বড়, তাই এই সংবাদ সম্মেলন। আমরা বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগকে জানিয়েছি।’সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজল কৃষ্ণ দে, কোষাধ্যক্ষ অহিদুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক সুজিত চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল কবীর বলেন, ‘আগের অভিযোগটি পেয়েছি। এখন মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে যেসব অভিযোগ উঠল, সেসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’এ ব্যাপারে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে মন্ত্রীর ঘনিষ্ঠভাজন বলে পরিচিত মাদারীপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, ‘পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো পৌর আওয়ামী লীগের কমিটিই সিদ্ধান্ত নেবে, কাকে মনোনয়ন দেওয়া হবে। পৌর আওয়ামী লীগ সিদ্ধান্ত দিয়েছে খলিল খানকে। এখানে আমাদের দোষ কোথায়? তা ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরই তো বৈধতা নেই। তিনি এককভাবে আমাদের বহিষ্কার করতে পারেন না।’