মন্ত্রীর বিরুদ্ধে 'অপপ্রচার' বন্ধের দাবি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৫৫টি হিন্দু পরিবারের জমি দখলের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জড়িত বলে ‘অপপ্রচার’-এর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও ‘অপপ্রচার’ বন্ধের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, শ্রীশ্রী কালীমন্দির ও রামকৃষ্ণ সেবাশ্রমের ফুলবাড়ী শাখার উদ্যোগে তিনটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে হিন্দু সম্প্রদায়ের সংগঠনসহ অন্যান্য সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে স্থানীয় উর্বশী সিনেমা হলের সামনে উপজেলা শাখা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও রামকৃষ্ণ সেবাশ্রমের নেতারা বলেন, ‘চণ্ডীপুরে যে ২৫ দশমিক ৭৮ একর সম্পত্তি হিন্দুদের বলে দাবি করা হচ্ছে তা হিন্দুদের নয়। জমিগুলো জনৈক এমদাদুল ইসলামের বলে উচ্চ আদালত ২০০২ সালে রায় দেন। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের স্থানীয় নেতা। জমি দখল ও নির্যাতনের খবর কিছুই জানি না।ঢাকা থেকে এসে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ তথ্য-প্রমাণ ছাড়াই মন্ত্রীকে জড়িয়ে গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবেদন প্রকাশ করেন। ওই মিথ্যা প্রতিবেদন প্রত্যাহার করে নিতে কাজলকে মন্ত্রী মোস্তাফিজুর উকিল নোটিশ দেন। এর জবাব দিতে না পেরে ও জমি দখলের সঙ্গে মন্ত্রীর সংশ্লিষ্ট থাকার প্রমাণ দেখাতে না পেরে কাজল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।’
হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, একটি কুচক্রী মহলের ইন্ধনে কাজল মন্ত্রী মোস্তাফিজুরের বিরুদ্ধে অপপ্রচার করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছেন। তাঁরা কাজলের পদত্যাগ দাবি করেন ও অবিলম্বে তাঁর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন।