মন্ত্রীর বেঁধে দেওয়া সময়ে সংস্কার শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের সংস্কারকাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। গতকাল শনিবারও এই মহাসড়কের টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অংশ বেহাল দেখা গেছে। সড়ক বিভাগ বলছে, বৃষ্টির কারণে রাস্তা সংস্কারের কাজ পিছিয়ে গেছে।

‘ভাঙা সড়কে কষ্টের যাত্রা’ শিরোনামে ৯ আগস্ট প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়ক পরিদর্শনে যান। সফরের সময় টাঙ্গাইল শহর বাইপাস মোড়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সড়ক ও জনপথের যত রাস্তা খারাপ অবস্থায় আছে, সব রাস্তা আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সচল করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব।’

গতকাল শনিবার ছিল মন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের শেষ দিন। সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই, সোহাগপুর, পাকুল্যাসহ বেশ কয়েকটি স্থানে রাস্তা সংস্কারের কাজ চলছে। দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় রাস্তায় কিছু খানাখন্দ আছে। মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, ‘ঈদ সামনে রেখে মহাসড়ক সংস্কারে ইমিডিয়েট সলিউশন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। বিভাগীয়ভাবে করা এই কাজে চার লেন প্রকল্পের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। রাস্তার কার্পেটিং উঠিয়ে পুনরায় কাজ করতে আগামী মাসের মাঝামাঝি সময়ে মহাসড়কের টাঙ্গাইলের অংশে চার লেনে উন্নীতকরণ প্রকল্প ঠিকাদারের কাছে হস্তান্তর করা হবে।

এই মহাসড়কের সবচেয়ে খারাপ অবস্থা দেখা যায় টাঙ্গাইল শহর থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা। সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় দেখা গেছে, পুরো রাস্তার বিটুমিন উঠে গেছে। একটু এগিয়ে দেখা গেল, রসুলপুর এলাকায় বিটুমিন ও খোয়া দিয়ে রাস্তার গর্ত ভরাটের কাজ চলছে। পৌলী সেতুর আগে চলছে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ইট বিছানোর কাজ। পৌলী সেতু পার হওয়ার পর দেখা যায়, এলেঙ্গা সেতুর কাছে রাস্তার এক পাশে চলছে বিটুমিন দিয়ে মেরামতের কাজ। এলেঙ্গা সেতু থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তায় বিটুমিনের চিহ্ন নেই।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম বলেন, রাস্তা মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বৃষ্টি না হলে আগামী দুই-এক দিনের মধ্যেই মেরামতকাজ শেষ হবে।

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের নলকা থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত ঘুরে দেখা গেছে, নলকা সেতুর ওপর বিটুমিন কার্পেটিংয়ের কাজ শেষ হলেও সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বরের ২০০ মিটার আগে পর্যন্ত অসংখ্য খানাখন্দ। হাটিকুমরুল গোলচত্বরের চারপাশে ইট বিছিয়ে চলার উপযোগী করার চেষ্টা চলছে। হাটিকুমরুল গোলচত্বর থেকে শুরু করে চান্দাইকোনা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের মধ্যে নয় কিলোমিটার (চান্দাইকোনা থেকে ভুঁইয়াগাতী পর্যন্ত) অংশে অনেক আগেই বিটুমিন দিয়ে সংস্কারকাজ শেষ করা হয়েছে। কিন্তু ভুঁইয়াগাতীর এক কিলোমিটার পর থেকে হাটিকুমরুল পর্যন্ত খানাখন্দ রয়েই গেছে। চারটি স্থানে ইট বিছিয়ে সংস্কার করা হয়েছে। এর মধ্যে জবা গার্ডেন হোটেলের সামনে ইট দেবে গেছে। এ ছাড়া রয়হাটি, আমবাগান, ঘুরকা, দাদপুর, সাহেবগঞ্জ, সলঙ্গা, হাটিকুমরুল এলাকায় অনেক খানাখন্দ রয়েছে। বড় বড় গর্তের মধ্যে ইট বিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার থেকে ওই সড়কের চারটি স্থানে ঠিকাদারেরা বিটুমিন কার্পেটিং শুরু করেছেন। এ ছাড়া নগরবাড়ী-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে উল্লাপাড়া হয়ে বাঘাবাড়ী পর্যন্ত ১৬ কিলোমিটার নতুন করে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই সড়কের বোয়ালিয়া, তালগাছী, টেটিয়ারকান্দা, পারকোলা এলাকায় সবচেয়ে বেশি খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই সড়কে এখনো মেরামতের কাজ শুরু হয়নি।

সড়কের রয়হাটি এলাকায় নিয়োজিত ঠিকাদার চৌধুরী কনস্ট্রাকশনের প্রতিনিধি সুমন চৌধুরী বলেন, আবহাওয়া খারাপ থাকায় বিটুমিন কার্পেটিংয়ের কাজ শুরু করা সম্ভব হয়নি। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। শেষ করতে দুই থেকে তিন দিন লাগবে।

জানতে চাইলে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, বৃষ্টির কারণে আবহাওয়া অনুকূলে না থাকায় কাজে একটু বিঘ্ন ঘটেছে। তবে নলকা সেতুসহ হাটিকুমরুল গোলচত্বরের কাজ শেষ হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কাজ শেষ হবে।