গোপনে শীর্ষ সন্ত্রাসী বিকাশ বিশ্বাসকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্যাখ্যা দিলেও কমিটি তাতে সন্তুষ্ট হতে পারেনি।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ভবিষ্যতে এ ধরনের বন্দী মুক্তি দেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর সুপারিশ করেছে। বৈঠক শেষে কমিটির সদস্য মুজিবুল হক সাংবাদিকদের বলেন, বৈঠকে কমিটির সভাপতি ছায়েদুল হক বিকাশের প্রসঙ্গটি তোলেন। কমিটি সূত্র জানায়, সভাপতি মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, বিকাশকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়নি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিকাশকে ‘সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায়’ মুক্তি দেওয়া হয়েছে। তিনি ১৫ বছর কারাগারে ছিলেন। জেলগেট থেকে তাঁকে আবার গ্রেপ্তার করার মতো যথাযথ কোনো কারণ পুলিশের কাছে ছিল না।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে কারা অধিদপ্তরের কর্মকাণ্ড এবং দীর্ঘমেয়াদি বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সাজা মওকুফ ও মুক্তির প্রক্রিয়া সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ছাড়া কারাগারকে সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী বিকাশকে মুক্তি দেওয়া হয়। এ ধরনের অপরাধীকে মুক্তি দেওয়ার সময় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি। ১১ জন পুড়িয়ে মারার মামলা: বৈঠকে পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে শেরাটন হোটেলের (বর্তমানে রূপসী বাংলা) সামনে বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে। সংসদীয় কমিটি মামলাটি ভবিষ্যতে যাতে আর পুনরুজ্জীবিত না হয়, সে ব্যবস্থা নিতে বলেছে। কমিটির মতে, এই মামলার মাধ্যমে যুবলীগের সাবেক নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমকে ফাঁসানো হয়েছিল।