মন্ত্রীর ভাইকে নিয়ে আলোচনা
ফরিদপুরে আজ শনিবার ছয়টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। তবে এখানকার সবার নজর জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচনের দিকে। এখানে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেসাম হোসেনকে নিয়ে মানুষের মধ্যে সরব-নীরব আলোচনা চলছে। ক্ষমতাসীন দলের এক ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় তিনি বেশ অস্বস্তিতে আছেন।
অপর একাধিক চেয়ারম্যান পদপ্রার্থী মোহতেসাম হোসেনের বিরুদ্ধে প্রভাব খাটানোসহ বেশ কিছু অভিযোগ করেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যেও শঙ্কা কাজ করছে। এরই মধ্যে মন্ত্রী ভোট দেওয়ার জন্য বর্তমানে ফরিদপুরে অবস্থান করছেন।
গতকাল শুক্রবার ফরিদপুর সদর এলাকার একাধিক ব্যক্তি ও প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন। এর মধ্যে মোহতেসাম হোসেন ছাড়াও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের স্ত্রী ও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝরনা হাসান। ফলে এখানে আওয়ামী লীগ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এতে মন্ত্রীর ভাই কিছুটা বেকায়দায় আছেন। মন্ত্রীর ভাইয়ের পক্ষে আছে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনসহ একটি অংশ। অন্যদিকে ঝরনা হাসানের পক্ষে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। বিএনপি-সমর্থিত একক চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এ এইচ এম মাহবুবুল হাসান।
ঝরনা হাসান অভিযোগ করে বলেন, মোহতেসাম হোসেনের লোকজন তাঁর কর্মীদের হুমকি দিচ্ছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী এ এইচ এম মাহবুবুল হাসানের পক্ষে আটঘাট বেঁধে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তিনি অভিযোগ করেন, ‘মন্ত্রীর ভাই হওয়ায় মোহতেসামের পক্ষে প্রশাসনকে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে। এ জন্য সুষ্ঠু নির্বাচন হবে কি না, সে বিষয়ে সংশয়ে আছি।’
অভিযোগের বিষয়ে মোহতেসাম হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে অন্য একজন মুঠোফোন ধরে জানান, মোহতেসাম গলার সমস্যায় ভুগছেন, তিনি বিশ্রামে আছেন। পরে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট মোকাররম মিয়া প্রথম আলোকে বলেন, ওই দুই প্রার্থী যেসব অভিযোগ করেছেন, সেগুলো একেবারেই ভিত্তিহীন ও বানোয়াট।
মন্ত্রী ভোট দিয়েই ঢাকায় চলে যাবেন। জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রার্থীদের কাছ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে যেসব অভিযোগ পেয়েছি, সেসব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে পাঠিয়েছি।’