নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদসহ চার আসামি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান মিয়া তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে এজাহারভুক্ত ১১ আসামিসহ লোকমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৩ আসামি জামিনে মুক্তি পেলেন। ৩ জানুয়ারি থেকে তাঁদের সবার জামিন মঞ্জুর করেন বিচারক শাহজাহান মিয়া।নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গত রোববার লোকমান হত্যা মামলার পলাতক আসামি সালাহউদ্দিন, আমির হোসেন, হিরণ মিয়া, মামুন মিয়া ও মনোয়ার হোসেন জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আসামি সালাহউদ্দিন, আমির, হিরণ ও মামুনকে মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন করেন। অপরদিকে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদের পক্ষে আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন তাঁদের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারিক হাকিম রিমান্ড মঞ্জুর না করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।জেলহাজতে নেওয়ার পর ওই চার আসামির আইনজীবীরা জেলা ও দায়রা জজের আদালতে জামিনের আবেদন করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী আসাদ আলী জামিন আবেদনের বিরোধিতা করে আদালতে বলেন, ‘আসামিরা জামিনে কারাগার থেকে বের হয়ে এমনটি প্রচার করছে যে মন্ত্রী রাজিউদ্দিনের কথামতো তারা আত্মসমর্পণ করেছিল। আর মন্ত্রীর কথামতো নাকি আদালত তাদের জামিন দিচ্ছে। যা আদালত অবমাননা করার শামিল। তাই আসামিদের জামিন মঞ্জুর না করার অনুরোধ জানাচ্ছি।’এ সময় বিচারক শাহজাহান মিয়া বলেন, আসামি নাজমুল হাসানের লিখিত জবানবন্দিতে তিনি নিজে গুলি করে হত্যা করেছেন বলে জানিয়েছেন। সেহেতু এখানে মামলার মূল আসামি ও তদন্তের ফলাফল বের হয়ে এসেছে। তাই অন্য আসামিদের জামিনে বাধা নেই।জামিনের পর বিকেলে নরসিংদী জেলা কারাগার থেকে বের হয়ে সালাহউদ্দিন আহমেদ সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এ মামলায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছিল। কারাগার থেকে বের হয়ে প্রমাণিত হলো, সত্যের জয় হবেই।’