শ্রমিকদের জন্য নৌপরিবহনমন্ত্রীর সর্বনিম্ন মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ। তারা বলেছে, অযৌক্তিক এই মজুরি প্রস্তাব প্রত্যাহার করা না হলে নৌযান মালিকেরা তাঁদের ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকবেন।
গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নৌপরিবহন মালিকেরা এই ঘোষণা দেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব মো. সাইফুল ইসলাম।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, মজুরি বৃদ্ধির দাবিতে ২০ এপ্রিল মধ্যরাত থেকে শ্রমিকেরা অবৈধভাবে ধর্মঘট পালন করে আসছেন। বিষয়টি নিরসনের জন্য গত মঙ্গলবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মালিক ও শ্রমিকপক্ষের বৈঠক হয়। বৈঠকে অনেক দর-কষাকষির পরও উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে মন্ত্রী একতরফাভাবে ‘ক’ শ্রেণির নৌযানের লস্করদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির নৌযানের ক্ষেত্রে সাড়ে ৯ হাজার ও ‘গ’ শ্রেণির নৌযানের ক্ষেত্রে সর্বনিম্ন মজুরি ৯ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন। মন্ত্রীর এই ঘোষণার সঙ্গে একমত না হওয়ায় মালিকেরা বৈঠক ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, লস্করের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা হলে অন্য স্টাফদের মজুরি বৃদ্ধি পেয়ে একটি নৌযানের বেতন ৫০ থেকে ৭০ হাজার টাকা বেড়ে যাবে, যা মালিকদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
বেতনকাঠামোর জন্য গঠিত কমিটির কাছে জোর দাবি জানিয়ে বলা হয়, সর্বনিম্ন মজুরি ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করে অন্য স্টাফদের ক্ষেত্রেও আনুপাতিক হারে মজুরি নির্ধারণ করে বেতনকাঠামো তৈরি করা হোক। অন্যথায় নৌযান মালিকেরা লাগাতার নৌযান ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মালিক গ্রুপের সাবেক মহাসচিব ওয়াহিদুজ্জামান খান, সাবেক সহসভাপতি এস এম আকবর হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব কাজী গোলাম ফারুক, যুগ্ম মহাসচিব আবদুল গফফার ও মো. খুরশিদ আলম, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান, পরিচালক হাফিজুল ইসলাম এবং এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ২০ এপ্রিল বুধবার মধ্যরাত থেকে সব ধরনের নৌযান শ্রমিকেরা ধর্মঘট পালন করে আসছিলেন। মঙ্গলবার সচিবালয়ে ধর্মঘট পালনরত নৌযান শ্রমিকদের নেতা, মালিক ও সরকার পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। সেখানে সরকারের পক্ষ থেকে মজুরির তিনটি শ্রেণি ঘোষণার পর শ্রমিকনেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।