মন্ত্রীর মেয়ের বিয়ে, স্টেডিয়ামে খোঁড়াখুঁড়ি!

আট-দশ দিন ধরে চলছে অবিরাম কাজ। স্টেডিয়ামের মাঠ খোঁড়াখুঁড়ি করে অতিথিদের আপ্যায়নের জন্য তৈরি করা হয়েছে পাঁচটি প্যান্ডেল। রান্নাবান্নার জন্য বানানো হয়েছে আরেকটি প্যান্ডেল। ছয়টি প্যান্ডেলে ঢেকে গেছে মাঠের অর্ধেকের বেশি। অতিথিদের গাড়ি চলাচলের রাস্তা বানাতে পাশের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিশ্রামাগার ও স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মেয়ের বিয়ের জন্য মৌলভীবাজার স্টেডিয়ামে এত আয়োজন।
সমাজকল্যাণমন্ত্রীর দ্বিতীয় মেয়ে সৈয়দা সানজিদা শারমিনের বিয়ে আজ বৃহস্পতিবার। বর লক্ষ্মীপুরের দত্তপাড়ার ইব্রাহীম পাটওয়ারীর ছেলে মো. মোশাররফ পাটওয়ারী। অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদসহ ১৫ থেকে ১৮ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, শহরের রঘুনন্দনপুরে অবস্থিত মৌলভীবাজার স্টেডিয়ামের প্রধান ফটক থেকে প্যান্ডেল পর্যন্ত বালু-পাথর ফেলে চওড়া রাস্তা করা হয়েছে। স্টেডিয়ামের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে পাঁচটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। স্টেডিয়ামের সামনে বেশি গাড়ি পার্কিংয়ের জায়গা কম। তাই স্টেডিয়ামের এবং পাশে পাউবোর সীমানাপ্রাচীর ভেঙে তৈরি করা হয়েছে গাড়ি পার্কিং। তবে স্টেডিয়ামে কোনো আলোকসজ্জার ব্যবস্থা করা হয়নি। তৈরি করা হয়েছে দুটি তোরণ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিয়েতে পাঁচজন মন্ত্রী থাকবেন। সিলেট বিভাগের সব আসনের সাংসদ এবং আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের আপ্যায়নের জন্য থাকবে পোলাও, রোস্ট, কাবাব, গরু ও খাসির রেজালা। প্রাথমিকভাবে ২৫টি গরু ও ৮০টি খাসি জবাই করা হবে। স্টেডিয়ামে পাঁচটি প্যান্ডেলের মধ্যে একটিতে বর ও বরযাত্রী, একটিতে কনে ও নারী অতিথি, একটিতে জেলার সাত উপজেলার অতিথি, একটি হিন্দু সম্প্রদায় এবং অন্যটিতে অন্য অতিথিরা বসবেন।
স্টেডিয়ামে বিয়ের আয়োজন প্রসঙ্গে গতকাল দুপুরে সমাজকল্যাণমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘মূলত শহরের যানজট এড়াতে অনুমতি নিয়ে স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছি। রাস্তায় দুই-আড়াই হাজার গাড়ি দাঁড়ালে শ্রীমঙ্গল সড়ক বন্ধ হয়ে যাবে। আমি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি সম্মতি দিয়েছেন।’ তিনি দাবি করেন, আলাপ-আলোচনা করে সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, ‘স্টেডিয়াম ব্যবহারের জন্য মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অনুমোদন দিয়েছি।’
সীমানাপ্রাচীর ভাঙার ব্যাপারে পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, দেয়ালটা নষ্ট ছিল। ঠিক করে ফেলা হবে।