মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ছাত্রলীগের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার জেরে দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন তাঁরা।

পুলিশ জানায়, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে এসেছেন—এ খবরে মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ছাত্রলীগের পদপ্রাপ্ত এবং পদবঞ্চিত নেতারা সার্কিট হাউসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাঁরা দুটো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ পরে আগুন নেভায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন ‘প্রথম আলো’কে বলেন, মন্ত্রী আসা উপলক্ষে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা সার্কিট হাউসে জড়ো হতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। তাঁরা দুটো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।