মন্ত্রীর সফর বাতিল, সড়ক সংস্কারও বন্ধ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বছরের সেপ্টেম্বর মাসে নোয়াখালীর সেনবাগ সফরের কথা ছিল। সেনবাগ আওয়ামী লীগের সম্মেলনে তাঁকে প্রধান অতিথি করা হয়। ওই সময় উপজেলা সদরের সম্মেলনস্থলে আসতে তাঁকে পাড়ি দিতে হতো সেনবাগ-সোনাইমুড়ী সড়ক। তখন মন্ত্রীর সফরের কথা শুনে তড়িঘড়ি করে সড়কের ভাঙা সাড়ে নয় কিলোমিটারের সংস্কারকাজ শুরু হয়। দেড় কিলোমিটারের মতো কাজ শেষে জানা যায় মন্ত্রীর সফর বাতিল। এরপর সংস্কারকাজও বন্ধ হয়ে যায়। অবশ্য পরে আরও দেড় কিলোমিটার মেরামত করা হয়। বাকি সাড়ে ছয় কিলোমিটারে আর হাত পড়েনি। ওই অংশে এখন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
সেনবাগ-সোনাইমুড়ী সড়কটি ২৪ কিলোমিটারের। এর মধ্য সেনবাগের গাজীরহাট থেকে ডাকবাংলোর পুকুর এলাকা পর্যন্ত (সাড়ে ছয় কিলোমিটার) ভাঙা। এই সড়কটি মূলত সেনবাগ উপজেলার মানুষ চলাচল করে। নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়ার জন্য এ সড়কের বিকল্প নেই তাদের। সড়কটি ফেনী-নোয়াখালী মহাসড়ক থেকে শুরু হয়ে নোয়াখালী-কুমিল্লা সড়কের সঙ্গে মিশেছে। ব্যস্ততম এই সড়কে চলাচল করে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন। দেখভাল করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নোয়াখালী কার্যালয়।
মন্ত্রীর সফর বাতিল হওয়ার পর সড়ক সংস্কারকাজ বন্ধ করা প্রসঙ্গে সওজ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল প্রথম আলোকে বলেন, মন্ত্রীর কর্মসূচির সঙ্গে সড়ক সংস্কারের কোনো সম্পর্ক নেই। পর্যায়ক্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করা হবে।
গত মঙ্গলবার সরেজমিনে সড়কের গাজীরহাটের মোড় থেকে সেনবাগ ডাকবাংলোর পুকুর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ স্থানে পিচঢালাই নেই। ছোট-বড় অসংখ্য গর্তে ভরা। এর মধ্যে গাজীরহাটের মোড় থেকে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার অংশের অবস্থা বেশি নাজুক। গর্তের কারণে গাড়ির গতিও কমে গেছে।
সড়ক-সংলগ্ন ডমুরুয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, উপজেলার প্রধান এই সড়কটির পাঁচ-ছয় বছর ধরেই বেহাল। অবস্থা এমন, সড়ক দিয়ে হাঁটাও দুরূহ হয়ে পড়েছে।
সড়ক দিয়ে ইটবোঝাই করে নিয়ে যাওয়ার সময় কথা হয় ট্রাকচালক মো. বাহারের সঙ্গে। তিনি বলেন, সড়কের দুরবস্থার কারণে স্বাভাবিকের অর্ধেক কম গতিতেও গাড়ি চালাতে হয়। তা ছাড়া খানাখন্দের কারণে প্রায় সময় গাড়িতে নানা রকম যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গাড়ির রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে গেছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ইসমাইল বলেন, এই সড়কের দুরবস্থা দেখার যেন কেউ নেই। গর্তের কারণে গাড়ি চালানো যায় না। প্রায় দিনই গাড়ি গ্যারেজে নিতে হয়।
জসিম উদ্দিন নামের এক স্কুলশিক্ষক বলেন, তাঁর বাড়ি সেনবাগ উপজেলা সদরে। তিনি উপজেলার গাজীরহাট এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেনবাগ-সোনাইমুড়ী সড়ক দিয়ে অটোরিকশায় যাতায়াত করতে শরীর ব্যথা হয়ে যায়। এক দিন গেলে পরের দিন আর যেতে ইচ্ছে হয় না।
সওজ নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি ধাপে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কারকাজ হাতে নেওয়া হয়। প্রথম ধাপে গত বছরের মাঝামাঝি গাজীরহাটের মোড় পর্যন্ত সাড়ে ১৪ কিলোমিটার গর্ত সংস্কার করে পিচঢালাই করা হয়। বাকি অংশের কাজ গত সেপ্টেম্বরে শুরু হয়েছে, শিগগিরই পুরো সড়কের সংস্কার শেষ হবে।
সওজ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, সড়কের ভাঙা সাড়ে ছয় কিলোমিটার সংস্কারের কাজ করছেন ঠিকাদার। যান্ত্রিক সমস্যার কারণে আপাতত সংস্কারকাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কয়েক দিনের মধ্যেই পুনরায় কাজ শুরু হবে বলে আশা করা করছেন তিনি।