রেলমন্ত্রীর অপেক্ষায় ‘বিলম্বিত’ হচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট)। অভিযোগ রয়েছে, এই ‘বিলম্বে’র সুযোগে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে কর্তৃপক্ষ।
দেশে দুটি প্রশিক্ষণকেন্দ্রে রেলওয়ের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়। একটি পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্র, অপরটি পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্র। পশ্চিমাঞ্চলের কেন্দ্রটি পাকশীতে অবস্থিত।
প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট ছয় মাস মেয়াদ শেষে পূর্বাঞ্চলের প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ শেষ হলেও পশ্চিমাঞ্চলের জন্য মন্ত্রী সময় দিতে পারছেন না বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, সমাপনী কুচকাওয়াজে রেলমন্ত্রীর অংশগ্রহণের সময় না হওয়ায় প্রশিক্ষণ সমাপ্তিতে দেরি হচ্ছে।
এদিকে পশ্চিমাঞ্চল প্রশিক্ষণকেন্দ্রে কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করছে বলে অভিযোগ করেছেন প্রশিক্ষণার্থীরা। ইতিমধ্যে প্রশিক্ষণার্থীদের সব ধরনের পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিতও হয়েছে। কেবল শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হলেই প্রহরীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারবেন।
জানা গেছে, পাকশীর এই প্রশিক্ষণকেন্দ্রে সারা দেশ থেকে সদ্য নিয়োগ পাওয়া ১৫৯ জন নিরাপত্তা প্রহরী প্রশিক্ষণ নিচ্ছেন। ২০১৩ সালের মার্চ ও এপ্রিল মাস থেকে এঁদের প্রশিক্ষণ শুরু হয়। ছয় মাসের প্রশিক্ষণকালে এঁদের প্রত্যেকের বেতন আট হাজার ৭৫০ টাকা। এ ছাড়া প্রশিক্ষণ ভাতা রয়েছে ২৫০ টাকা। মোট নয় হাজার টাকা করে প্রশিক্ষণার্থীরা হাতে পান।
একাধিক প্রশিক্ষণার্থী জানান, প্র্রশিক্ষণে যোগদানের প্রথম মাসে (গত বছরের ২৭ মার্চ থেকে ৩০ এপ্রিল) প্রত্যেকের কাছ থেকে খাওয়া বাবদ ৩০০ টাকা করে নেওয়া হয়েছিল। এ ছাড়া টেলিভিশন কেনার জন্য জনপ্রতি ৬০০ টাকা, প্রশিক্ষণকেন্দ্রের পরিদর্শককে ‘খুশি রাখার জন্য’ ২০০ টাকা, মসজিদ উন্নয়নের নামে ১০০ টাকা করে প্রত্যেকের কাছ থেকে মোট এক হাজার ২০০ টাকা করে আদায় করা হয়। ১৫৯ জনের কাছ থেকে মোট এক লাখ ৯০ হাজার ৮০০ টাকা প্রথম মাসেই আদায় করে কর্তৃপক্ষ।
দ্বিতীয় মাসে প্রশিক্ষণার্থীদের বেতন দিয়েই কর্তৃপক্ষ প্রতি মাসে খাওয়া বাবদ তিন হাজার টাকা এবং ডিশ সংযোগ ও পত্রিকা বিলের জন্য আরও ১০০ টাকা নেয়। তাঁরা জানান, তিন মাস আগে (গত ডিসেম্বর) পাসিং আউট বাবদ ৫০০ টাকা করেও নিয়েছে কর্তৃপক্ষ। শুধু পাসিং আউটেই এ আদায়ের পরিমাণ ছিল ৭৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে প্রশিক্ষণার্থীরা ছয় মাসমেয়াদি প্রশিক্ষণের জন্য খরচ করেছেন ৩৫ হাজার ৮০০ টাকা করে। নির্দিষ্ট মেয়াদ শেষে সমাপনী কুচকাওয়াজ হলে তাঁদের প্রত্যেকের ২০ হাজার টাকা করে কম খরচ হতো বলে দাবি তাঁদের।
প্রশিক্ষণকালে নিজ উদ্যোগে ও নিজ খরচে ডাইনিংয়ে খাওয়ার নিয়ম রয়েছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, তিন হাজার টাকা নেওয়া হলেও খাবারের মান নিম্নমানের। সকালের নাশতায় দুটি করে রুটি ও ডাল দেওয়া হয়, দুপুরে ছোট এক টুকরা মাছ ও ভাত। মাসে এক-দুই শুক্রবার দুপুরে ছোট দুই টুকরা মাংস ও ভাত থাকে। সপ্তাহে কমপক্ষে তিন দিন রাতে ভাতের সঙ্গে শুধু আলু ভর্তা দেওয়া হয়।
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিষয়ে জানতে চাইলে প্রশিক্ষণকেন্দ্রের প্রধান পরিদর্শক আবদুল মালেক খান বলেন, ‘তিন হাজার টাকা নেওয়া হয়, তবে তার বিনিময়ে তাঁরা ডাইনিংয়ে খাবার খান।’ তিনি বলেন, ‘প্রশিক্ষণার্থীরা অভিযোগ করতেই পারে, তবে এগুলো সত্য নয়।’