মন্ত্রীর সামনে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সামনেই ছাত্রলীগের দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অবস্থা দেখে ক্ষোভে মন্ত্রী মঞ্চ ছেড়ে চলে যান। পরে অবশ্য ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষমা চেয়ে মন্ত্রীকে মঞ্চে নিয়ে আসেন। উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগীয় কর্মিসভায় গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বচসা সৃষ্টিকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যারা কোন্দল লাগায়, তারা ঘরের শত্রু।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগে শিগগিরই শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। যারা ক্যাডারের জন্ম দেয়, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত—তাঁদের তালিকা (লিস্ট) করা হচ্ছে।’
দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে সিলেট নগরের জালালাবাদ গ্যাস মিলনায়তনে গতকাল দুপুর ১২টায় কর্মিসভার আয়োজন করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীর সভাপতিত্বে সভায় যোগাযোগমন্ত্রী ছাড়াও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন উপস্থিত ছিলেন। কর্মিসভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, হবিগঞ্জের সাধারণ সম্পাদক আবু জাহিদ ও সুনামগঞ্জের সভাপতি মতিউর রহমান বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কর্মিসভা চলাকালে ছাত্রলীগের একাধিক পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা স্লোগান বন্ধ রাখার নির্দেশ দেন। একপর্যায়ে সামনে বসা নিয়ে মহানগর ছাত্রলীগের সহসভাপতি রুহেল তরফদার ও আলী হোসেন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মঞ্চে বসে এ অবস্থা দেখে যোগযোগমন্ত্রী উঠে দাঁড়ান। একপর্যায়ে তিনি মঞ্চ থেকে নেমে যান। এ সময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে ছাত্রলীগের নেতা-কর্মীরা মন্ত্রীর কাছে ক্ষমা চান। মন্ত্রী তাঁদের উদ্দেশে বলেন, যারা কোন্দল লাগায়, তারা ঘরের শত্রু। এসব কারণে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চালানো হবে বলে দলীয় নেতা-কর্মীদের জানান তিনি। স্লোগান দেওয়া ও বসার আসন নিয়ে সামান্য হাতাহাতি হয়েছিল উল্লেখ করে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন দেখে তাৎক্ষণিক আমরা সাক্ষাৎ করেছি। হাতাহাতিতে লিপ্ত হওয়া কর্মীরাসহ আমরা মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি। তিনি ক্ষমা করেছেন।’
কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় যোগাযোগমন্ত্রী উপজেলা নির্বাচন সম্পর্কে বলেন, ‘দল-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবার অংশগ্রহণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেন তিনি।
কর্মিসভার আগে যোগাযোগমন্ত্রী বেলা ১১টায় সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। পরে সিলেটে সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজিরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের তালিকা তৈরি করছে সরকার।