মন্ত্রীর স্বাক্ষর জালের মামলা, দুজনের নামে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ও সাংসদ জি এম কাদেরের স্বাক্ষর জাল করার অভিযোগে দায়ের করা মামলার দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দিনাজপুর আমলি আদালত-১ গত ১৫ মার্চ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক (৫০) ও মোগলহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন (৫৫)।মামলা সূত্রে জানা গেছে, লালমনিরহাট-৩ আসনের সাংসদ ও মন্ত্রী জি এম কাদেরের চিঠির (ডিও) স্বাক্ষর জাল করে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার অভিযোগে আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক ও তাঁকে এ কাজে সহায়তা করার অভিযোগে মোগলহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় বিমান মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. বাবুল হোসেন লিখিত অভিযোগ দেন। দিনাজপুর বোর্ডে অভিযুক্ত ব্যক্তিরা জাল স্বাক্ষর করে কাগজপত্র জমা দেওয়ায় শাহবাগ থানা থেকে অভিযোগটি দিনাজপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়। গত বছরের ১২ নভেম্বর উল্লিখিত দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।লালমনিরহাট সদর থানার ওসি জমিরউদ্দিন বলেন, গ্রামের বাড়ির ঠিকানায় অভিযান চালিয়ে আসামিদের পাওয়া যায়নি। গত বছরের ১৭ অক্টোবর প্রথম আলোয় ‘মন্ত্রীর চিঠি জাল করে বিদ্যালয়ের সভাপতি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।