মন্ত্রীর হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার শ্রমমন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেনকে মনোনীত করেছে। খবর শুনে পরের দিন শুক্রবার ঝটিকা সফরে ফরিদপুর আসেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সন্ধ্যায় এক সভায় মন্ত্রী নেতা-কর্মীদের হুঁশিয়ার করে বলেন, দলের বাইরে গিয়ে (দলীয় সিদ্ধান্ত) কেউ কিছু করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অথচ সন্ধ্যার ওই সভায় খোদ মন্ত্রীই বলেন, ‘আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রী ও সাংসদের আত্মীয়স্বজন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না। এ কারণে আমি কখনোই চাইনি আমার ভাই বাবর (খন্দকার মোহতেশাম হোসেন) নির্বাচন করুক। গত বৃহস্পতিবার পর্যন্ত এই ছিল আমার মনোভাব। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি, বাবর আমার মতোই জনপ্রিয়। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা যখন বাবরকে চাইছে, তখন আমি তা অগ্রাহ্য করি কীভাবে!’ মন্ত্রী শুক্রবার দুপুর একটার দিকে ফরিদপুর আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে বর্ধিত সভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী পাঁচজনের নাম প্রস্তাব করা হয়। তাঁরা হলেন, খন্দকার মোহতেশাম হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও প্রয়াত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের স্ত্রী ঝর্ণা হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোস এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মোকাররম মিয়া।ওই সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবু মৃধা প্রথম আলোকে বলেন, সভায় প্রথমে খন্দকার মোহতেশামের নাম প্রস্তাব করা হলে উপস্থিত বেশির ভাগ সদস্য হাত তুলে সমর্থন দেন। আইভী মাসুদ, ঝর্ণা হাসান ও অমিতাভ বোসের নাম প্রস্তাব করার সময় তেমন সমর্থন পাওয়া যায়নি। মোকাররম মিয়া খন্দকার মোহতেশামের পক্ষে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে আইভী মাসুদ বলেন, ‘আমি তিন বছর ধরে পৌরসভার মেয়র পদে দাঁড়াব বলে দলের ভেতরে ও বাইরে কাজ করে যাচ্ছি।’ অমিতাভ বোস জানান, বর্ধিত সভায় তাঁর সমর্থকেরা গোপন ব্যালটে ভোট নেওয়ার দাবি করেছিলেন। কিন্তু তা না করে কণ্ঠভোট নেওয়া হয়।জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, বর্ধিত সভা নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। বিভক্ত জেলা আওয়ামী লীগের একাংশকে ওই সভায় ডাকাই হয়নি। তিনি আরও বলেন আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে মন্ত্রী ও সাংসদদের ভাই, ছেলেসহ আত্মীয়স্বজনকে দাঁড়াতে নিরুৎসাহিত করেছে। অথচ ফরিদপুরে সেই কাজটিই করা হয়েছে।