মন্ত্রীরা গাড়িতে পতাকা ওড়ালে ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রীরা গাড়িতে পতাকা ব্যবহার করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। পাশাপাশি মন্ত্রীদের পাঠানো কোনো নথিতে সই না করতেও সচিবদের প্রতি আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা বলেন, সংবিধান অনুযায়ী মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলে আপনাআপনি সংশ্লিষ্ট মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। অথচ মন্ত্রীরা বলছেন, তাঁরা এখনো দায়িত্বে আছেন। এটি সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন। এখন মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানো পতাকার প্রতি অসম্মান বলে দাবি করেন রুহুল কবির রিজভী। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, ‘যেসব মন্ত্রী নিজেদের গাড়িতে পতাকা নিয়ে যাতায়াত করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। তা না হলে প্রমাণিত হবে যে আপনারা সরকারের প্রাইভেট বাহিনীর দায়িত্ব পালন করছেন।’